সাত বিচারককে হেনস্থায় ধৃত মিম নেতার পাশে অধীর! কেন হঠাৎ সুর নরম করলেন বহরমপুরের ‘রবিনহুড’?

সাত বিচারককে হেনস্থার ঘটনায় ধৃত মিম নেতা তথা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে নিয়ে সরগরম হয়ে উঠল বঙ্গ রাজনীতি। চাঞ্চল্যকরভাবে এই মিম নেতার পাশে দাঁড়িয়ে এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। গত নির্বাচনে এই বহরমপুরেই তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে হারলেও নিজের গড় পুনরুদ্ধারে মরিয়া অধীর এখন সংখ্যালঘু প্রশ্নে রাজ্য সরকারকে নিশানা করতে ছাড়ছেন না।
অধীর চৌধুরীর সাফ দাবি, “যে লোকটা ভিড় সামলাচ্ছিল এবং মানুষকে শান্ত করার চেষ্টা করছিল, সিআইডি দিয়ে তাকেই গ্রেফতার করালেন মুখ্যমন্ত্রী। এটা নিছকই বাহাদুরি দেখানোর একটা ধাপ্পাবাজি। আসল অপরাধীরা কোথায়?” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অধীরের এই মন্তব্যের নেপথ্যে রয়েছে গভীর ভোট-রাজনীতি। বহরমপুর কেন্দ্রে হিন্দু ভোটারের সংখ্যা বেশি হলেও, জয় নিশ্চিত করতে সংখ্যালঘু ভোটের সামান্য অংশও যাতে তৃণমূলের ঝুলিতে না যায়, তা নিশ্চিত করতে চাইছেন কংগ্রেস হাইকম্যান্ডের এই প্রভাবশালী নেতা।
এদিকে উত্তাপ আরও বাড়িয়েছেন মালদহের মিম নেতা রেজাউল করিম। তাঁর বিস্ফোরক অভিযোগ, কালিয়াচকের ঘটনার মাস্টারমাইন্ড হলেন সাবিনা ইয়াসমিন। ভোটব্যাঙ্ক বাঁচাতেই সাবিনা এই চক্রান্ত করেছেন বলে দাবি তুলে সরাসরি শাসকদলের নেত্রীর গ্রেফতারি দাবি করেছেন তিনি। একদিকে মিমের পাল্টা আক্রমণ, আর অন্যদিকে অধীরের সমর্থন— দুইয়ে মিলে বিচারক হেনস্থার ঘটনা এখন সম্পূর্ণ রাজনৈতিক মোড় নিয়েছে।