যখন গোটা বিশ্ব নতুন বছরের আনন্দ-উল্লাসে মেতে রয়েছে, ঠিক সেই সময়ই সীমান্তে নিজেদের নাশকতামূলক অভিসন্ধি জারি রাখল পাকিস্তান। ১ জানুয়ারি সকালেই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে দেখা গেল একটি পাকিস্তানি ড্রোন। ভারতীয় সীমান্তের ভেতরে বেশ কিছুক্ষণ ড্রোনটি ওড়ার খবর মিলতেই দ্রুত তৎপরতা শুরু করেছে সেনাবাহিনী। ড্রোনের মাধ্যমে কোনো অস্ত্র বা মাদক পাচার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এলাকায় বড়সড় তল্লাশি অভিযান শুরু হয়েছে।
সেনা সূত্রে খবর, নিয়ন্ত্রণ রেখার (LoC) কাছে পুঞ্চের কাধি করমাড়া এলাকায় ড্রোনটি প্রবেশ করে। ভারতীয় আকাশসীমায় ড্রোনটি প্রায় ৫ মিনিটেরও বেশি সময় ধরে উড়তে দেখা যায়। সন্দেহজনক এই গতিবিধি ধরা পড়ার পর থেকেই জম্মু ও কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান শুরু করেছে। ড্রোনের উড়ান পথ বা ট্র্যাজেক্টরি পরীক্ষা করে দেখা হচ্ছে ঠিক কোথা থেকে এটি পরিচালিত হচ্ছিল। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টার মধ্যে ভারত-পাকিস্তান সীমান্তে ড্রোন দেখার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে সাম্বা জেলার ফুলপুর এলাকাতেও একটি ড্রোন দেখা গিয়েছিল।
জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে জম্মু ও কাশ্মীর প্রশাসন সম্প্রতি কিছু এলাকায় ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রশাসনের আশঙ্কা ছিল, নতুন বছরের শুরুতে জঙ্গিরা এই নেটওয়ার্ক ব্যবহার করে অস্থিরতা সৃষ্টি করতে পারে। এই কঠোর নিরাপত্তার মধ্যেই ড্রোনের এই আনাগোনা যথেষ্ট উদ্বেগের বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ২০২৫-এর ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই পাকিস্তানের ড্রোন হামলার প্রবণতা বেড়েছে, তবে সতর্ক ভারতীয় সেনা গত কয়েক মাসে একাধিক পাক ড্রোন গুলি করে নামিয়ে তাদের দাঁতভাঙা জবাব দিয়েছে। পুঞ্চের এই ঘটনায় বর্তমানে গোটা সীমান্তে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে।