বৃষ্টিতে ভেজার পর দ্রুত আপনার যা যা করণীয়:
শুকনো কাপড়ে শরীর মোছা: বাড়ি ফেরার পর দেরি না করে প্রথমেই ভেজা কাপড় বদলে ফেলুন। মাথা এবং চুল খুব ভালো করে শুকিয়ে নিন। মনে রাখবেন, মাথায় জল বসে থাকলে দ্রুত সাইনাস বা মাথাব্যথার সমস্যা হতে পারে।
ঈষদুষ্ণ জলে স্নান: বৃষ্টিতে ভেজার পর শরীরের তাপমাত্রা হঠাৎ কমে যায়। তাই বাড়ি ফিরে হালকা গরম জলে স্নান করা সবচেয়ে ভালো। এটি শরীরের তাপমাত্রা স্বাভাবিক করতে এবং বৃষ্টির জলের সাথে আসা জীবাণু দূর করতে সাহায্য করে।
ভেষজ পানীয় বা কাড়া: স্নানের পর এক কাপ আদা চা, তুলসী চা অথবা লেবু চা পান করুন। এর অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং ভেতর থেকে উষ্ণতা জোগায়।
পায়ের যত্ন নিন: বৃষ্টির জমা জলে প্রচুর ব্যাক্টেরিয়া ও ফাঙ্গাস থাকে। তাই পা ভালো করে সাবান দিয়ে ধুয়ে অ্যান্টি-সেপটিক লিকুইড ব্যবহার করুন। নখের কোণে জল জমে থাকলে তা থেকে ইনফেকশন হতে পারে।
মশলাযুক্ত ও পুষ্টিকর খাবার: বৃষ্টিতে ভেজার পর শরীরের মেটাবলিজম ঠিক রাখতে গরম এবং সহজপাচ্য খাবার খান। এক বাটি গরম স্যুপ বা খিচুড়ি এই সময় শরীরের জন্য বেশ আরামদায়ক।
বিশেষ সতর্কতা: যদি বৃষ্টির পর আপনার কাঁপুনি দিয়ে জ্বর আসে বা শ্বাসকষ্ট অনুভব হয়, তবে ঘরোয়া টোটকার ওপর ভরসা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন।





