দাম্পত্য জীবনে পা রাখার কিছুদিনের মধ্যেই পরিবার ও সমাজের পক্ষ থেকে সন্তানের জন্য চাপ আসাটা খুবই স্বাভাবিক। কিন্তু সন্তান জন্ম দেওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে তাকে সঠিকভাবে বড় করে তোলা—যা কেবল একটি সিদ্ধান্ত নয়, বরং এটি এক দীর্ঘমেয়াদি দায়িত্ব ও জীবনভর প্রতিশ্রুতি। তাই সন্তান নেওয়ার আগে নিজের ইচ্ছা, সক্ষমতা ও পূর্ব প্রস্তুতির ভিত্তিতে কিছু জরুরি বিষয় ঠান্ডা মাথায় ভেবে দেখা প্রয়োজন।
১. সম্পর্কের ভিত্তি কতটা দৃঢ়?
অনেকের মধ্যেই এই ভুল ধারণাটি প্রচলিত যে সন্তান এলে সম্পর্কের টানাপোড়েন মিটে যাবে বা সম্পর্ক আরও ভালো হবে। মনে রাখবেন, সম্পর্কের টানাপোড়েন মেটাতে সন্তানকে ব্যবহার করা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। সন্তান আসার আগে স্বামী-স্ত্রীর সম্পর্ক অবশ্যই ভালোবাসার মজবুত ভিত্তির উপর দাঁড় করানো প্রয়োজন।
২. চাপে পড়ে সিদ্ধান্ত নয়, দু’জনের সম্মতি
পরিবার, বন্ধু বা সমাজের কথায় প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেওয়া একদমই উচিত নয়। আপনার দু’জনের মধ্যে কি সত্যিই সন্তান নেওয়ার তীব্র ইচ্ছা রয়েছে? পরিবার বা বাইরের চাপে নয়—এই প্রশ্নের উত্তর আগে নিজেরাই খুঁজে নিন। সন্তান মানে দায়িত্বের পরিধি হঠাৎ বহু গুণ বেড়ে যাওয়া, সেই ভার বহন করার মানসিক শক্তি ও প্রস্তুতি দু’জনেরই থাকতে হবে।
৩. শারীরিক সুস্থতা নিশ্চিত করুন
সন্তান নেওয়ার পরিকল্পনার আগে মা ও বাবা—দু’জনেরই শারীরিক সুস্থতা নিশ্চিত করা জরুরি। চিকিৎসকের কাছে গিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করিয়ে নিতে পারেন। চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্যকর জীবনযাপন শুরু করুন, যাতে একটি সুস্থ শিশুর জন্ম হয়।
৪. আর্থিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা
সন্তান লালন-পালনে খরচ কম নয়। শিক্ষা, স্বাস্থ্য, পোশাক—সব মিলিয়ে একটি দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা প্রয়োজন। ভবিষ্যৎ ব্যয় সামলানো সম্ভব কি না, আপনার আর্থিক স্থিতি কেমন, এই বিষয়ে আগে থেকেই বাস্তবসম্মত আলোচনা করে আর্থিক পরিকল্পনা তৈরি করতে হবে।
৫. কর্মস্থলে গেলে সন্তানের দেখাশোনা
বর্তমানে নারী-পুরুষ উভয়েই কর্মজীবী। সন্তান শুধু একজনের দায় নয়; মা ও বাবা দু’জনেরই সমান দায়িত্ব ভাগ করে নেওয়ার মানসিক প্রস্তুতি থাকতে হবে। আপনারা দু’জন কর্মস্থলে গেলে সন্তানের দেখাশোনা করবে কে, অথবা কাজের রুটিন কীভাবে পরিবর্তিত হবে—এই প্রশ্নগুলোর উত্তর সন্তান জন্মের আগেই খোলামেলা আলোচনা করে খুঁজে নেওয়া উচিত। নইলে পরবর্তী সময়ে সম্পর্কে অচ্ছন্নতা ও ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে।