রেস্তোরাঁ থেকে খাবার আসা সাদা কন্টেনারই ধুয়ে ব্যবহার করছেন? জেনে নিন কী হতে পারে আপনার

আজকাল প্রায় সব বাড়িতেই রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করার চল বেড়েছে। রেস্তোরাঁগুলিও এখন অ্যালুমিনিয়াম ফয়েলের পরিবর্তে বিভিন্ন রঙের প্লাস্টিকের কৌটোতে খাবার সরবরাহ করে। বেশিরভাগ ক্ষেত্রেই এই কৌটো গুলো পরিষ্কার করে ভবিষ্যতে ব্যবহারের জন্য রেখে দেওয়া হয়। বিশেষ করে মাইক্রোওয়েভে খাবার গরম করার জন্য অনেকে এই ধরনের কৌটো ব্যবহার করেন। কিন্তু এই অভ্যাস আপনার স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই অভ্যাস আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

নিম্নমানের প্লাস্টিকের বিপদ

বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত রেস্তোরাঁ থেকে যে সস্তা প্লাস্টিকের কৌটো দেওয়া হয়, তা খুব একটা ভালো মানের হয় না। এগুলিতে ‘food grade’ বা ‘BPA free’ ছাপ থাকে না। দাম কমানোর জন্য বেশিরভাগ ক্ষেত্রেই এগুলি একবার ব্যবহারের উপযোগী প্লাস্টিক দিয়ে তৈরি হয়। দীর্ঘদিন ধরে এই ধরনের কৌটো ব্যবহার করা মোটেই নিরাপদ নয়। অতিরিক্ত গরমের সংস্পর্শে বা খাবারের তেলের সঙ্গে মিশে এই প্লাস্টিক থেকে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক (যেমন BPA বা ফথালেট) নির্গত হতে পারে। এর ফলে ক্যান্সার, হরমোনের ভারসাম্যহীনতা এবং লিভার বা কিডনির বড় ধরনের সমস্যা হতে পারে।

স্বাদ ও গন্ধের ক্ষতি

নিম্নমানের প্লাস্টিকের কৌটোতে খাবারের স্বাদ ও গন্ধ নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে মশলাদার বা তেলযুক্ত খাবার রাখলে প্লাস্টিকের গন্ধ খাবারে মিশে যায়। আপাতদৃষ্টিতে তা বোঝা না গেলেও, তা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই ধরনের কৌটো বারবার ব্যবহার করলে তাতে ফাটল দেখা দিতে পারে, যা ব্যাকটেরিয়া জন্মানোর কারণ হতে পারে।

মাইক্রোওয়েভে ব্যবহার থেকে সাবধান

অনেকেই না জেনে এই ধরনের প্লাস্টিকের কৌটো মাইক্রোওয়েভে ব্যবহার করেন। বিশেষজ্ঞদের মতে, এটি সবচেয়ে বিপজ্জনক কাজ। কারণ, মাইক্রোওয়েভের অতিরিক্ত গরমে প্লাস্টিক থেকে ক্ষতিকর রাসায়নিকগুলি খাবারে দ্রুত মিশে যায়।

সুস্থ থাকতে কী করবেন?

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, রেস্তোরাঁ থেকে আসা এই ধরনের সস্তা এবং নাম-না-জানা ব্র্যান্ডের কৌটো ব্যবহার করা সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। ফয়েল প্যাকেজের মতোই এগুলি একবার ব্যবহারের পর ফেলে দেওয়া উচিত। যদি কোনো কারণে রাখতেই হয়, তবে ভুলেও গরম খাবার রাখবেন না। খাবার ঠান্ডা হলে অন্য কোনো পাত্রে ঢেলে রাখুন। বিশেষ করে মাইক্রোওয়েভে এই ধরনের কৌটো ব্যবহার করা থেকে বিরত থাকুন। এর পরিবর্তে কাচের পাত্রে খাবার রাখা অনেক বেশি নিরাপদ।

মনে রাখবেন, রেস্তোরাঁর এই ধরনের সস্তা কৌটো সাময়িকভাবে সুবিধাজনক মনে হলেও, দীর্ঘমেয়াদে তা আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে।