আমরা কী খাচ্ছি তার চেয়েও বড় প্রশ্ন হলো—কীভাবে রান্না করছি? চিকিৎসকদের মতে, ভুল ভোজ্য তেল নির্বাচন এবং সেই তেলের ভুল ব্যবহার বর্তমানে হৃদরোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক দামি ব্র্যান্ডের তেল কিনেও লাভ হবে না, যদি আপনি তার ব্যবহারের সঠিক নিয়ম না জানেন। আপনার সামান্য অসাবধানতাই কিন্তু ধমনীতে চর্বি জমিয়ে হার্ট অ্যাটাকের পথ প্রশস্ত করছে।
যে ভুলগুলো আপনার হার্টের ক্ষতি করছে:
স্মোক পয়েন্ট (Smoke Point) না জানা: প্রতিটি তেলের নিজস্ব ‘স্মোক পয়েন্ট’ থাকে, অর্থাৎ যে তাপমাত্রায় তেল পুড়তে শুরু করে। অলিভ অয়েলের মতো কম তাপমাত্রার তেল দিয়ে ডুবো তেলে ভাজাভুজি করলে তা বিষাক্ত ট্রান্স ফ্যাটে পরিণত হয়, যা সরাসরি হার্টের বারোটা বাজায়।
একই তেল বারবার ব্যবহার: বেঁচে যাওয়া পোড়া তেল দিয়ে পুনরায় রান্না করা সবথেকে বিপজ্জনক। তেল বারবার গরম করলে তাতে ‘ফ্রি র্যাডিক্যালস’ তৈরি হয়, যা কেবল হার্ট নয়, ক্যানসারেরও ঝুঁকি বাড়ায়।
অতিরিক্ত রিফাইন্ড তেলের ওপর নির্ভরতা: রিফাইন্ড তেল তৈরির প্রক্রিয়ায় অনেক সময় উচ্চ তাপ এবং রাসায়নিক ব্যবহার করা হয়, যা তেলের প্রাকৃতিক পুষ্টিগুণ নষ্ট করে দেয়। এর বদলে কোল্ড প্রেসড বা ঘানি ভাঙা তেল বেশি নিরাপদ।
হৃদরোগ এড়াতে সেরা তেলের ব্যবহার:
১. ভাজাভুজির জন্য: রাইস ব্রান অয়েল বা সরষের তেল ব্যবহার করা ভালো, কারণ এগুলোর স্মোক পয়েন্ট বেশি।
২. স্যালাড বা হালকা রান্নায়: এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সরাসরি বা সামান্য তাপে ব্যবহার করুন। এটি হার্টের জন্য উপকারী ‘গুড ফ্যাট’ সরবরাহ করে।
৩. তেল ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার: সব সময় এক ধরণের তেল না খেয়ে প্রতি মাসে তেল বদলে ব্যবহার করুন (যেমন এক মাস সরষের তেল তো অন্য মাস সূর্যমুখী তেল)। এতে শরীরের সব ধরণের ফ্যাটি অ্যাসিডের ভারসাম্য বজায় থাকে।