ব্যায়াম করার পর সযত্নে গুটিয়ে রাখা ম্যাটটিও রোগ ছড়াতে পারে! থাকুন সতর্ক

নানা রকমের ব্যায়াম, প্রাণায়াম এবং সব শেষে মিনিট দুয়েক শবাসন। এই হলো প্রতিদিনের সকালের রুটিন। তারপর অফিসের তাড়া। যোগাসন করার পর ম্যাট গুটিয়ে ‘রোল’ করতে করতেই ছকে নিতে হয় সারা দিনের পরিকল্পনা। কোনোদিনই আলাদা করে ম্যাট রোদে দেওয়া বা পানি দিয়ে ধোয়ার কথা মনে হয় না। শরীরচর্চা করার পর ম্যাট না গুটিয়ে নিদেনপক্ষে পাখার তলায় খুলে রাখলেও হয়। কিন্তু সে সময় নেই।

দিনের পর দিন এভাবে রেখে দিলে ম্যাট থেকে দুর্গন্ধ ছড়ানো অস্বাভাবিক নয়। তবে চিকিৎসকেরা বলছেন, দুর্গন্ধ তো বটেই, চিন্তা বেশি ত্বকের রোগ নিয়ে।

ম্যাটের ওপর জমে থাকা ঘাম, ধুলো-ময়লা থেকে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের জন্ম হয়। যেগুলো খালি চোখে দেখা যায় না। দিনের পর দিন ওই ম্যাট ব্যবহার করলে সেখান থেকে ত্বকে সংক্রমণ হতেই পারে। তাই নিয়মিত এই ম্যাটটি পরিষ্কার করা প্রয়োজন। সেজন্য যে খুব বেশি ঝক্কি পোহাতে হয়, এমন নয়। বাড়িতে তৈরি বিশেষ মিশ্রণ দিয়েও ম্যাট পরিষ্কার করা যায়। কীভাবে সেই মিশ্রণ তৈরি করতে হয়, জেনে নিন।

প্রথমে স্প্রে বোতলের মধ্যে সমপরিমাণে পানি এবং ভিনেগার মিশিয়ে নিন। এবার এই তরলের মধ্যে দিন ৫ থেকে ৬ ফোঁটা টি ট্রি অয়েল। ম্যাট পরিষ্কার করার সলিউশন তৈরি। ম্যাটের ওপর ছড়িয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে ম্যাট পরিষ্কার করেই সঙ্গে সঙ্গে তার ওপর শুয়ে পড়বেন না। খোলা হাওয়ায় রেখে ম্যাট শুকিয়ে নিয়ে তা ব্যবহার করা যেতে পারে। প্রতি বার ম্যাট পরিষ্কার করার আগে এই মিশ্রণ ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। সপ্তাহে একবার তরল সাবান দিয়ে স্পঞ্জের ম্যাট পরিষ্কার করা যেতে পারে। তবে ওয়াশিং মেশিনে না দেওয়াই ভালো।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy