“প্রতিদিন ১১১ মিনিট হাঁটলে আয়ু বাড়বে ১১ বছর!”- জেনেনিন হাঁটার উপকারিতা সম্পর্কে

হাঁটাহাঁটি শরীরচর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং প্রতিদিন হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী—এ কথা সকলেরই জানা। বিশেষজ্ঞরাও নিয়মিত এই পরামর্শ দিয়ে থাকেন। এবার এই ধারণাতেই আরও জোরালো সিলমোহর দিলেন অস্ট্রেলিয়ার গবেষকরা। তাঁদের সাম্প্রতিক গবেষণা বলছে, দীর্ঘ ও সুস্থ জীবন পেতে হলে সারাদিনে সকালে ও বিকেলে ভাগ করে মোট ১১১ মিনিট অর্থাৎ প্রায় পৌনে দু’ঘণ্টা হাঁটতে হবে। তবেই মিলবে প্রকৃত উপকার।

সকাল হোক বা বিকেল, যেকোনো সময়ই হাঁটতে বেরোনো স্বাস্থ্য সচেতন মানুষের অন্যতম পছন্দের অভ্যাস। বিশেষ করে জেন-জি প্রজন্মের অনেকেই এখন এই স্বাস্থ্যকর রুটিনে অভ্যস্ত হচ্ছেন। তবে শুধু হাঁটলেই হবে না, এর একটি নির্দিষ্ট সময়সীমাও থাকা প্রয়োজন। অস্ট্রেলিয়ার নতুন গবেষণা সেই সময়সীমার কথাই বলছে। হেঁটে আয়ু বাড়াতে গেলে সময় ধরে হাঁটার গুরুত্ব অপরিসীম।

সম্প্রতি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গ্রিফিথ ইউনিভার্সিটির এক গবেষণা শেষে বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রতিদিন অন্তত ১১১ মিনিট হাঁটলে মানুষের আয়ু গড়ে ১১ বছর পর্যন্ত বাড়তে পারে। বিখ্যাত বিজ্ঞানপত্রিকা ‘ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টস মেডিসিন’-এ এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। বিগত ১০ বছর ধরে ৩৬ হাজার চল্লিশোর্ধ্ব মার্কিন নাগরিকের উপর গ্রিফিথ ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগের করা এই সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, গড়ে প্রতিদিন ১১১ মিনিট যারা হাঁটেন, তাঁরা হাঁটাহাঁটি না করা ব্যক্তিদের তুলনায় প্রায় ১১ বছর বেশি সময় বাঁচেন। হাঁটার ফলে শরীরে কায়িক পরিশ্রম হয়, যা শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্যের জন্যই অত্যন্ত উপকারী।

গ্রিফিথ ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগের প্রফেসর লেনার্ট ভিরম্যান এই প্রসঙ্গে বলেন, যারা সুস্থ থেকেও নিয়মিত হাঁটাহাঁটি করেন না, তাঁরা বিভিন্ন ভয়াবহ রোগের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের থেকে কোনও অংশে কম ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। তাঁর মতে, যারা প্রতিদিন কমপক্ষে ১১১ মিনিট হাঁটেন, তাঁদের আয়ু অন্যদের তুলনায় গড়ে প্রায় ১১ বছর বেশি থাকে।

মেডিসিন বিশেষজ্ঞ অরিন্দম বিশ্বাস এই গবেষণাটিকে সমর্থন করে বলেন, নিয়ম করে প্রতিদিন ১১১ মিনিট দ্রুত হাঁটা নিঃসন্দেহে একটি অত্যন্ত ভালো অভ্যাস। এটি শরীর ও মন উভয়কেই সতেজ রাখে। কারণ একটানা জোরে হাঁটলে মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে বিটা-এন্ডরফিন নামক একটি প্রোটিনের ক্ষরণ হয়। এই রাসায়নিকটিকে ‘হ্যাপি হরমোন’ বলা হয়, যা মানসিক চাপ কমায়, ব্যথার উপশম করে এবং শরীর-মনকে চাঙ্গা রাখে।

গবেষণায় আরও দেখা গেছে, প্রতিদিন ২৫০০ স্টেপ ও ২৭০০ স্টেপ যারা হাঁটেন, তাঁদের হৃদরোগে মৃত্যুর আশঙ্কা অন্যদের তুলনায় যথাক্রমে ৮% ও ১১% কম থাকে। প্রতিদিন ৭০০০ স্টেপ ও ৯০০০ স্টেপ হাঁটলে সেই আশঙ্কা উল্লেখযোগ্যভাবে ৫১% ও ৬০% কমে যায়। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রতিদিন অতিরিক্ত ১০০০ স্টেপ বা ১০ মিনিট করে হাঁটলে ক্রমাগত মৃত্যুর ঝুঁকি কমতে থাকে। তাই, প্রতিদিন ১১১ মিনিট হাঁটার নিয়ম মেনে চললে দীর্ঘ ও সুস্থ জীবন লাভ করা সম্ভব।