সময়ে অসময়ে অনেকেরই চোখের পাতা কেঁপে ওঠে বা কাঁপে। এই চোখের পাতা কাঁপা খুবই সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেখা যায় আচমকাই চোখের পাতা কেঁপে ওঠে। নিত্যদিন কাজের ফাঁকে এই চোখের পাতার কাঁপুনি আপনাকে চিন্তিত করে তুলতে পারে।
উভয় চোখের ক্ষেত্রেই এমন কাঁপুনি হতে পারে। কখনো এটি কয়েক মুহূর্তের জন্য দেখা দেয়, আবার কখনো এটি দীর্ঘস্থায়ীও হতে পারে। তবে এটি শরীরের জন্য ক্ষতিকর নয়। ক্রমাগত এ রকম হতে থাকলে স্নায়ুর সমস্যার উপসর্গ বলে ধরা যেতে পারে।
আর তার জন্য প্রথমে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
চোখের পাতা কাঁপার কারণ কী?
শারীরিক, মানসিক, স্নায়বিক— এই ৩টির যেকোনো একটি কারণে চোখের পাতা কাঁপতে পারে। তবে চিকিৎসকদের মতে, চোখের পাতা কাঁপার মূল কারণ ক্লান্তি। এ ছাড়া মানসিক উদ্বেগ, ঘুম কম হওয়া, ঘন ঘন ধূমপান, অতিরিক্ত কফি খাওয়া, দীর্ঘক্ষণ কম্পিউটারের দিকে তাকিয়ে থাকার কারণেও চোখের পাতা কাঁপতে পারে।
প্রতিকারের উপায়
> পর্যাপ্ত পরিমাণে ঘুমান।
> উদ্বেগমুক্ত থাকার চেষ্টা করুন।
> অতিরিক্ত চা-কফি পান করা বন্ধ করুন।
> ঘন ঘন ধূমপানের অভ্যাস ত্যাগ করুন।
> শরীর ও মনকে পর্যাপ্ত বিশ্রাম দিন।
সূত্র : আনন্দবাজার





