শীত মৌসুমে খাবার দাবারে বাড়তি মনোযোগ দিলেও আলসেমির কারণে শরীরচর্চায় বিশেষ ভাবে সময় দিতে পারছেন না। আর তাই তো ওজন বাড়ছে তড়তড়িয়ে; যা নিয়ে দুশ্চিন্তায়ও ভুগছেন নিশ্চয়।
তবে জানলে খুশি হবেন যে, এই শীতে ওজন কমানোটা খুবই সহজ একটি কাজ। আপনি শুধু প্রতিদিনের খাদ্যতালিকায় কিছু মসলা রাখুন, যা আপনার শরীরের ওজন কমাতে সাহায্য করবে।
হয়তো ভাবছেন, মসলা ওজন কমাতে কতটা সহায়ক? আসলে অসম্ভব বলে কিছু নেই। বিষয়টি নিয়ে আপনার দুশ্চিন্তারও কোনো কারণ নেই।
শীতকালে প্রতিদিনের রান্নায় বিভিন্ন ধরনের মসলা ব্যবহার করা হয়ে থাকে। সেগুলোর নিজস্ব যেমন স্বাদ রয়েছে, তেমনই স্বাস্থ্যের জন্যও উপকারী। হ্যাঁ, শীতকালে ওজন কমানো বেশ চ্যালেঞ্জের। এ মৌসুমে শরীরচর্চার প্রতি অনীহা দেখা দেয়। তার ওপর পার্টি, বিয়েবাড়ি, পিকনিকে খেয়ে ওজন বাড়তে থাকে। আর ওবেসিটি মানেই রোগের আঁতুড়ঘর। সুতরাং ওজন কমাতে গেলে আপনাকেই পদক্ষেপ নিতে হবে।
তো আর দেরি না করে জেনে নিন, শীতে ওজন কমবে যেসব মসলা খেলে-
শীতকালে ক্যালোরি পোড়ানোর জন্য আপনি মসলার সাহায্য নিতে পারেন। এমন বেশ কিছু মসলা রয়েছে, যা হজমে সাহায্য করে, ফোলাভাব দূর করে, মেটাবলিজম উন্নত করে এবং এভাবেই ওজন কমিয়ে ফেলে।
১. দারুচিনি: শীতকালে শরীরকে গরম রাখতে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে এবং ওজন কমাতে সাহায্য করে দারুচিনি। চা-কফি থেকে শুরু করে স্মুদি, ওটমিলে দারুচিনি মেশাতে পারেন।
২. আদা: হজমের গণ্ডগোলের জন্যও ওজন বাড়ে। এ ক্ষেত্রে কাজে লাগান আদাকে। ক্যালোরি পোড়াতে উপযোগী এই ভেষজ উপাদান। চা, স্যুপ বা ঝোল-তরকারিতে আদা মিশিয়ে খেতে পারেন।
৩. হলুদ: হলুদের মতো উপকারী যৌগ খুব কম রয়েছে। হলুদের মধ্যে থাকা কারকিউমিন যৌগ শরীরের একাধিক সমস্যা দূর করতে উপযোগী। শারীরিক প্রদাহও কমায়। স্যুপ হোক দুধ— যেকোনো খাবারে হলুদ মিশিয়ে খেতে পারেন।
৪. গোলমরিচ: প্রতিদিনের খাবারে গোলমরিচও রাখুন। গোলমরিচে থাকা যৌগ মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং অন্য খাবার থেকে দেহে পুষ্টি শোষণে সহায়তা করে। সুতরাং গোলমরিচ খেয়ে আপনি ওজন কমাতে পারবেন এবং একাধিক রোগের ঝুঁকিও এড়াতে পারবেন।
৫. এলাচ: খাবারের পাতে এলাচ পড়লেই মেজাজ বিগড়ে যায়। কিন্তু এই এলাচেই লুকিয়ে আছে মন্ত্র। এলাচ হজমে সহায়তা করে, মেটাবলিজমকে স্টিমুলেট করে এবং সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করে। চা থেকে শুরু করে যে কোনো কারিতে এলাচ দিতে পারেন। এতে খাবারের স্বাদ ও পুষ্টিগুণ বাড়বে।