অনেকেই সকালে ভেজানো বাদাম খেয়ে থাকেন। আবার কেউ কেউ ডায়েটে বিভিন্ন খাবারের সঙ্গে বাদাম খান। এই কারণে একসঙ্গে বেশি পরিমাণে বাদাম কিনে থাকেন। প্রতিদিনই তো ভেজানো অথবা শুকনা বাদাম খেতে হয়। তাই শেষ হতে বেশি দিন সময় লাগার কথা নয়। কিন্তু দিন কয়েক যেতে না যেতেই বাদাম থেকে তেলচিটে গন্ধ বেরোতে শুরু করেছে। বাদাম তো সহজে পচে না, তাহলে এমন গন্ধ বেরোয় কেন?
কী কী কারণে বাদাম খারাপ হতে পারে?
১. রান্নাঘরে যেখানে আলো, তাপ বেশি, সেখানে বাদাম না রাখাই ভালো। আবার, ড্যাম্প-যুক্ত আর্দ্র বা স্যাঁতসেঁতে জায়গাতেও বাদাম রাখা যায় না। তাতে বাদামের মচমচে ভাব নষ্ট হয়ে যেতে পারে।
২. দোকান থেকে সদ্য কিনে আনা বাদামও নরম হয়ে যেতে পারে। তাই কেনার সময়ে ভালো করে দেখে নিতে হবে, প্যাকেটের গায়ে কোনও ছিদ্র আছে কি না।
৩. বাদাম কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো রাখা যায়। তবে তা সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন। সাধারণ প্লাস্টিকের বয়াম যদি বায়ুনিরোধক না হয়, তাহলে বাদাম নষ্ট হয়ে যেতে পারে।
বাদাম ভালো রাখতে কী করবেন?
১. এয়ার টাইট পাত্রে বাদাম রাখতে হবে।
২. স্যাঁতসেঁতে, ড্যাম্প ধরা জায়গায় বাদাম না রাখাই ভালো।
৩. অনেকেই বাদামের বয়াম ফ্রিজে রাখেন। তার ফলে বাদামে পিঁপড়ে ধরার ভয়ও থাকে না। আর বাদাম নষ্টও হয় না।
৪. চাইলে বায়ুরোধী প্যাকেটে ভরে বাদাম ফ্রিজেও রাখতে পারেন। এক মাস পর্যন্ত তা ভালো থাকে।
৫. একসঙ্গে অনেকটা পরিমাণে বাদাম না কেনাই ভালো। তাতে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।