ঘরের সবচেয়ে ব্যস্ত যন্ত্রটি হলো ফ্রিজ। খাবার তাজা রাখা থেকে শুরু করে মাছ-মাংস সংরক্ষণ— সব দায়িত্বই তার ওপর। কিন্তু ঝামেলার শুরু হয় তখন, যখন ফ্রিজের ভেতরে বরফের স্তর জমতে শুরু করে। এতে শুধু ড্রয়ারই আটকে যায় না, বরং খাবারের মান নষ্ট হয় এবং কম্প্রেসরের ওপর বাড়তি চাপ পড়ায় হু হু করে বাড়ে বিদ্যুৎ বিল।
রাজধানীর ‘হোলসেল ইলেকট্রনিক্স সিটি’-র কর্ণধার ফয়সাল হোসেনের মতে, ফ্রিজে বরফ জমার মূল কারণ হলো বাইরের আর্দ্র বাতাস ভেতরে ঢোকা। তবে ভয় নেই, ঘরোয়া কিছু কৌশলে মাত্র ৩০ থেকে ৪৫ মিনিটেই আপনি এই সমস্যার সমাধান করতে পারেন।
১. গরম জলের বাষ্প থেরাপি
এটি সবচেয়ে নিরাপদ এবং জনপ্রিয় উপায়। ফ্রিজের সুইচ বন্ধ করে ভেতরের সব খাবার বের করে নিন। এবার একটি হিট-প্রুফ বাটিতে ফুটন্ত গরম জল নিয়ে ফ্রিজের ভেতরে একটি তোয়ালের ওপর রেখে দরজা ১০-১৫ মিনিটের জন্য বন্ধ করে দিন। গরম বাষ্পে বরফ আলগা হয়ে যাবে, যা পরে প্লাস্টিকের চামচ দিয়ে অনায়াসেই সরিয়ে ফেলা সম্ভব।
২. হেয়ার ড্রায়ার বা টেবিল ফ্যান
দ্রুত বরফ গলাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন, ড্রায়ারটি সবসময় মাঝারি তাপে এবং বরফ থেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে। ড্রায়ার না থাকলে একটি টেবিল ফ্যান চালিয়ে দিন ফ্রিজের দিকে মুখ করে। বাইরের গরম বাতাসে ধীরে ধীরে বরফ গলে যাবে।
৩. গরম ভেজা তোয়ালের কৌশল
একটি পুরু তোয়ালে গরম জলে ভিজিয়ে নিংড়ে নিন। এবার সেটি বরফের স্তরের ওপর চেপে ধরুন। ৫-১০ মিনিট পর দেখবেন বরফ একদম নরম হয়ে গেছে। প্রয়োজনে দুই-তিনবার পদ্ধতিটি অনুসরণ করুন।
৪. যা করবেন না: ধারালো অস্ত্রের ব্যবহার
অনেকেই তাড়াহুড়ো করে ছুরি বা ধাতব চামচ দিয়ে বরফ খোঁচাতে শুরু করেন। এটি মারাত্মক ভুল! এতে ফ্রিজের কুলিং কয়েল ফুটো হয়ে গ্যাস বেরিয়ে যেতে পারে, যার ফলে আপনার সাধের ফ্রিজটি চিরতরে নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। সবসময় প্লাস্টিকের স্প্যাচুলা বা কাঠের চামচ ব্যবহার করুন।
৫. ভবিষ্যতে বরফ জমা ঠেকানোর উপায়
-
দরজার সিল পরীক্ষা: ফ্রিজের দরজার রাবার বা সিল আলগা হয়ে গেলে বাইরের বাতাস ভেতরে ঢোকে। এটি নিয়মিত পরিষ্কার রাখুন।
-
গরম খাবার নিষেধ: কোনো খাবার পুরোপুরি ঠান্ডা না করে ফ্রিজে রাখবেন না।
-
পরিমিত লোড: ফ্রিজ অতিরিক্ত বোঝাই করবেন না। ভেতরে বাতাস চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা রাখুন।
-
দরজা বন্ধ রাখা: বিনা প্রয়োজনে ফ্রিজের দরজা বেশিক্ষণ খোলা রাখবেন না।
প্রো-টিপ: বরফ পরিষ্কারের পর ফ্রিজের ভেতরটা সাবান-জল দিয়ে মুছে ভালোভাবে শুকিয়ে নিন। দেয়াল পুরোপুরি শুকনো থাকলে নতুন করে বরফ জমার গতি অনেক কমে যায়।