ঘর সাজানো মানেই কাড়ি কাড়ি টাকা খরচ—এই ধারণা এখন অতীত। আপনার সৃজনশীলতা আর সামান্য বুদ্ধিকে কাজে লাগিয়েই সাধারণ ঘরকে করে তুলতে পারেন আভিজাত্যে ভরপুর। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট ‘বোল্ডস্কাই’ জানাচ্ছে এমন কিছু দুর্দান্ত কৌশল, যা আপনার অন্দরমহলের ভোল বদলে দেবে।
প্রথমেই ঘরের অপ্রয়োজনীয় জিনিস বিদায় করুন। অপ্রয়োজনীয় আসবাব বা ছড়িয়ে থাকা খেলনা ঘরকে ঘিঞ্জি দেখায়। ঘরকে সতেজ রাখতে তাজা ফুলের বিকল্প নেই; একগুচ্ছ ফুল নিমিষেই ঘরের পরিবেশ বদলে দেবে। এছাড়া ঘরে সুগন্ধি বা এয়ারফ্রেশনার ব্যবহার করলে মনে প্রশান্তি আসবে।
দেয়ালের রঙে আনুন নতুনত্ব। সব দেয়ালে একই রঙের বদলে কোনো একটি দেওয়ালে উজ্জ্বল রঙ বা নকশা করতে পারেন। শৈল্পিক ছোঁয়া দিতে বাজেটের মধ্যে দারুণ সব পেইন্টিং বা পছন্দের ফটোগ্রাফি ফ্রেমে বাঁধিয়ে টাঙিয়ে দিন। সবশেষে, আসবাবপত্রগুলো সঠিক অবস্থানে বিন্যাস করুন। আসবাবের ভিড়ে শিশুদের হাঁটাচলার জন্য পর্যাপ্ত জায়গা রাখলে ঘরটি আরও পরিপাটি ও আধুনিক দেখাবে।