কলকাতা ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচটি নাটকীয় মোড় নিয়েছে। প্রথম দিন ১১টি এবং দ্বিতীয় দিনে মোট ১৫টি উইকেট পড়ার পর পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, ম্যাচটি রবিবার, তৃতীয় দিনেই শেষ হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। ইডেনের এই ‘বধ্যভূমি’ পিচ নিয়ে চারিদিকে সমালোচনা শুরু হয়েছে।
ভারতীয় বোলিং কোচ মর্নি মর্কেলও পিচের এমন দ্রুত ভাঙন দেখে চমকে যাওয়ার কথা স্বীকার করেছেন। দ্বিতীয় দিনের খেলা শেষে তিনি সাংবাদিকদের বলেন, “সত্যি বলতে, আমরা নিজেরাও এত দ্রুত পিচ ভাঙতে শুরু করবে বা পিচে এমন তারতম্য দেখা যাবে, সেটা ভাবতে পারিনি। আমরা তো প্রথম দুই ঘণ্টার খেলা দেখার পর সকলেই মনে করেছিলাম যে এটা বেশ ভালো উইকেট। তাই নিঃসন্দেহে পিচটা খুব তাড়াতাড়ি ভেঙে গিয়েছে, যা আমরা একেবারেই শুরুতে ভাবতে পারিনি।”
তবে এই অস্বাভাবিক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই উপমহাদেশে খেলার আসল চ্যালেঞ্জ বলে মনে করেন মর্কেল। তিনি বলেন, “এটাই তো ভারতীয় উপমহাদেশের বৈশিষ্ট্য। পরিস্থিতির সঙ্গে খুব দ্রুত মানিয়ে নিতে হয় এবং সেই অনুযায়ী খেলতে হয়। আমরা এখানে এই ধরনের চ্যালেঞ্জের কথাই বলছি।”
পিচ পরিস্থিতি যেমনই হোক না কেন, ভারতীয় দল নিজেদের শক্তিশালী পক্ষের ওপর ভর করেই প্রস্তুতি সেরেছে বলে জানান ভারতীয় বোলিং কোচ। তিনি বলেন, “আমাদের দলে দুরন্ত ফাস্ট বোলার এবং স্পিনার, দুইই রয়েছে। আমাদের জন্য খালি আমাদের সামনে কী রয়েছে (কেমন পিচ) সেটা দেখে সেই অনুযায়ী খেলাটা জরুরি। ম্যাচ শুরুর আগে আমাদের মনে হয়েছিল এটা বেশ ভালো পিচ এবং এখানে বেশ কসরত করে উইকেট নিতে হবে। তাই আমরা দক্ষিণ আফ্রিকা ব্যাটিং লাইন আপকে কীভাবে আক্রমণ করে চাপে ফেলব, সেটার পরিকল্পনা করি। পরিবেশ, পরিস্থিতির চিন্তা মাথা থেকে সম্পূর্ণভাবে বেরই করে দিয়েছিলাম।”
দ্বিতীয় ইনিংসে জাডেজার রেকর্ড:
ইডেনে ব্যাটারদের কঠিন পরীক্ষা চলছে। দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার (IND vs SA) স্কোর ৯৩/৭। তারা ভারতের চেয়ে ৬৩ রানের লিড নিয়েছে। পিচে বল বনবন করে ঘুরছে, লাফাচ্ছে এবং আচমকা নীচুও হচ্ছে। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ফাস্টবোলার যশপ্রীত বুমরা ধ্বংসলীলা চালালেও, দ্বিতীয় ইনিংসে ভয়ঙ্কর হয়ে উঠেছেন ভারতের স্পিনাররা। বুমরা ৬ ওভার বল করলেও স্পিনারদের স্বর্গে দ্বিতীয় পেসার মহম্মদ সিরাজ বলই পেলেন না।
সাত উইকেটের মধ্যে একাই চারটি তুলে নিয়েছেন রবীন্দ্র জাডেজা। বাঁহাতি এই স্পিনারের কেরিয়ারে শনিবার দিনটি এক তাৎপর্যপূর্ণ মাইলফলক গড়েছে— তিনি দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্টে ৩০০ উইকেট এবং ৪০০০ রান করার কৃতিত্ব অর্জন করলেন। সব মিলিয়ে বিশ্বে এই নজির গড়া তিনি চতুর্থ ক্রিকেটার। তবে ভারতীয় শিবিরের কাঁটা হয়ে পাল্টা লড়াই চালাচ্ছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। তিনি ৭৮ বল খেলে ২৯ রানে ক্রিজে টিকে আছেন।