লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারের পর কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে এখন চরম অস্বস্তি। আইপিএলের চলতি মরসুমে টানা চার ম্যাচ খেলেও এখনও পয়েন্ট টেবিলের খাতা খুলতে পারেনি নাইটরা। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে লখনউয়ের কাছে এই হার দলের আত্মবিশ্বাসে বড়সড় ধাক্কা দিয়েছে।
ম্যাচের শেষে দলের প্রতিনিধি রভম্যান পাওয়েল আম্পায়ারের একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। ওপেনার ফিন অ্যালেনের আউট নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, রিপ্লেতে ফিল্ডারের পা বাউন্ডারি ছুঁতে দেখা গেলেও কেন তৃতীয় আম্পায়ারের সাহায্য নেওয়া হলো না? আম্পায়ারিংয়ের পাশাপাশি ইডেনের মন্থর পিচকেও হারের অন্যতম কারণ হিসেবে দায়ী করেছেন তিনি। পাওয়েলের মতে, ১৮১ রান জয়ের জন্য যথেষ্ট ছিল, কিন্তু পিচ ব্যাটিংয়ের জন্য অনুকূল ছিল না।
তবে সব অজুহাতের মাঝেও লখনউয়ের তরুণ তুর্কি মুকুল চৌধুরীর বিধ্বংসী ইনিংসের প্রশংসা করতে ভোলেননি পাওয়েল। মুকুলের অপরাজিত ইনিংসই কার্যত কেকেআরের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেয়। টানা চার হারে দেওয়ালে পিঠ ঠেকে গেলেও ঘুরে দাঁড়াতে মরিয়া কলকাতা। পাওয়েলের আশা, দ্রুত ভুল শুধরে নিয়ে সামনের ম্যাচগুলোতে জয় ফিরবে নাইট শিবিরে।





