সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের নামে একটি ভুয়ো মন্তব্য ভাইরাল হয়েছে। এই মন্তব্যে দাবি করা হয়েছে যে, গত ১৪ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের ম্যাচের পর ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে পাকিস্তানি খেলোয়াড়দের হাত না মেলানো নিয়ে তিনি কড়া সমালোচনা করেছেন। এই ভাইরাল মন্তব্যে বলা হয়েছে, “এই ম্যাচটি চিরকাল মনে রাখা হবে ভারতের পরাজয় হিসেবে। দাঁড়িয়ে থেকে পাকিস্তান জেন্টেলম্যান গেইমের চ্যাম্পিয়ন হয়েছেন। আর ভারত ক্ষুব্ধ পরাজিত হিসেবে স্থান পেয়েছে।”
পন্টিং-এর নিজস্ব খণ্ডন: ১৬ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে রিকি পন্টিং নিজেই তার এক্স (আগের টুইটার) হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, “আমি জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ায় আমার নামে কিছু মন্তব্য ছড়িয়ে পড়েছে। দয়া করে জেনে রাখুন, আমি সেগুলি সম্পূর্ণরূপে অস্বীকার করছি এবং এশিয়া কাপ নিয়ে আমি প্রকাশ্যে কোনও মন্তব্যই করিনি।”
খোঁজখবর করে যা জানা গেছে: বিভিন্ন সংবাদমাধ্যম এবং স্পোর্টস ওয়েবসাইটগুলোতে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে রিকি পন্টিং কোনো মন্তব্যই করেননি। এর আগেও একাধিকবার পন্টিংয়ের নামে ভুয়ো মন্তব্য ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে।
পহেলগাঁওতে জঙ্গি হামলা এবং ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত ও পাকিস্তান এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল। ম্যাচের পর ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন। এর জেরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) আইসিসির কাছে অভিযোগ জানায়। PCB-র দাবি, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট উভয় দলের অধিনায়ককে টসের সময় হাত মেলাতে নিষেধ করেছিলেন, যা ‘খেলোয়াড়ি মনোভাবের বিরুদ্ধে’। আইসিসি এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সুতরাং, রিকি পন্টিং-এর নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।