ইডেন গার্ডেন্সে স্পিনারদের মঞ্চ তৈরি নিয়ে যে বাইশ গজকে ঘিরে নাটক চলেছিল, সেই পিচেই প্রথম দিন সারাদিনে পড়ল ১১ উইকেট, যার মধ্যে ৮টি নিলেন জোরে বোলাররা। প্রথমে ব্যাটিং করে বিনা উইকেটে ৫৭ থেকে মাত্র ১৫৯ রানে অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। জবাবে প্রথম দিনের শেষে ২০ ওভারে ভারতের স্কোর ৩৭/১। দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনও ১২২ রানে পিছিয়ে ভারত। প্রথম দিনই জমে উঠেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট।
টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সুবিধা পেয়ে দুই প্রোটিয়া ওপেনার, রায়ান রিকেলটন ও এইডেন মারক্রাম ১০ ওভারে ৫৭/০ তুলে শুরুটা চমৎকার করেছিলেন। এরপরই ভারতের প্রত্যাঘাত। ইডেনে প্রথম টেস্ট খেলতে নেমে ফাস্টবোলার যশপ্রীত বুমরা ২৭ রানে ৫ উইকেট তুলে নিয়ে নিজের ইডেন টেস্ট স্মরণীয় করে রাখলেন। কুলদীপকে খেলানো নিয়ে প্রশ্ন থাকলেও চায়নাম্যান স্পিনার এবং মহম্মদ সিরাজ নিলেন একটি করে উইকেট। মাত্র ৫৫ ওভারে শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস।
তবু দক্ষিণ আফ্রিকা শিবিরের গুলিগোলা ছোঁড়া থামছে না। দিনের খেলার শেষে প্রোটিয়া ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স উইকেট নিয়ে খোঁচা দিলেন। তিনি বলেন, “এই পিচে ব্যাটিং সহজ নয়। এখনও যে ১২২ রানের লিড রয়েছে, তাকে উড়িয়ে দেওয়া চলে না। কে এল রাহুল ৫৯ বলে ১৩ রান করে অপরাজিত রয়েছে। উইকেট অসমান বাউন্স রয়েছে। আমরা চাইব দ্রুত ওদের অল আউট করে শেষ ইনিংসে ভারতের সামনে শ দেড়েক রানের টার্গেট দিতে।”
পাল্টা বোমা ফাটালেন দিনের নায়ক বুমরাও। তিনি বলেন, “উইকেট নিয়ে দোষারোপ করার রাস্তায় হাঁটব না। দক্ষিণ আফ্রিকায় গিয়ে তো পাঁচ সেশনে ম্যাচ শেষ হয়ে গিয়েছিল। আমরা দোষারোপ করি না। দক্ষ ও পেশাদার ক্রিকেটারদের কাজই হল মানিয়ে নেওয়া।” ম্যাচের প্রথম দিনের ইঙ্গিত, তিনদিনের মধ্যেই ফয়সালা হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। পরীক্ষা এবার শুভমন গিল, ঋষভ পন্থদের।