কাফা নেশনস কাপে তাজিকিস্তানকে হারিয়ে শুরু করলেও পরবর্তী দুটি ম্যাচে জয় অধরা ভারতের। শক্তিশালী ইরানের কাছে হারের পর আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করেছে ‘ব্লু টাইগার্স’। তবে এই ড্র-ই তাদের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ করে দিয়েছে। আজ ব্রোঞ্জ পদকের লক্ষ্যে ভারত শক্তিশালী ওমানের মুখোমুখি হচ্ছে।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ৭৯ নম্বরে থাকা ওমান ভারতের চেয়ে অনেক এগিয়ে। গ্রুপ পর্বে তাদের পারফরম্যান্স ছিল চমকপ্রদ। তারা আগামী বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনকারী উজবেকিস্তানকে রুখে দিয়েছে এবং তুর্কমেনিস্তান ও কিরঘিস্তানকে হারিয়েছে। গোল পার্থক্যে পিছিয়ে থাকায় তারা ফাইনালে যেতে পারেনি। তাই ভারতের জন্য ব্রোঞ্জ জেতার পথ মোটেই সহজ হবে না।
ওমান ম্যাচের আগে ভারতীয় দলের সবচেয়ে বড় দুশ্চিন্তা অধিনায়ক সন্দেশ ঝিঙ্গানের অনুপস্থিতি। ইরানের বিরুদ্ধে চোয়ালে চোট পেয়ে তিনি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। তার বদলে আনোয়ার আলি ও রাহুল ভেকের জুটি আফগানিস্তানের বিরুদ্ধে ক্লিনশিট রাখলেও ওমানের বিপক্ষে এই জুটি কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
তবে কোচ খালিদ জামিলের সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো দলে গোল করার মতো খেলোয়াড়ের অভাব। তাজিকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে দুটি গোল এলেও, তা এসেছিল দুই ডিফেন্ডারের থেকে। এরপর আর কোনো গোল করতে পারেনি ভারত।
ওমানের বিরুদ্ধে ভারতের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি তাজিকিস্তানের হিসারে অবস্থিত সেন্ট্রাল স্টেডিয়ামে আজ ভারতীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে। ফ্যানকোড অ্যাপে এই ম্যাচটি সরাসরি দেখা যাবে।