বীরুকে ছোঁয়ার মুখে পন্থ! ৫০তম টেস্টের মাইলস্টোনে তারকা ব্যাটার, MS ধোনিকে ছাপিয়ে কোন রেকর্ডের মালিক ঋষভ?

ইংল্যান্ড সফরে চোট সারিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতা টেস্টে প্রত্যাবর্তনের পর ফের একবার পাদপ্রদীপের আলোয় ভারতীয় তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। তিনি এখন কেরিয়ারের ৫০তম টেস্ট খেলার ঐতিহাসিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে। পন্থের এই প্রত্যাবর্তন ভারতের টেস্ট দলে এক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

এখন পর্যন্ত ৪৭টি টেস্ট ম্যাচ খেলে দেশের জার্সিতে ঋষভ পন্থ মোট ৩,৪২৭ রান করেছেন, যার ঝুলিতে রয়েছে আটটি শতরান ও ১৮টি অর্ধশতরান। শুভমান গিলের ডেপুটি এই ফর্মেটে মোট ৩৬৯টি বাউন্ডারি ও ৯০টি ছক্কা হাঁকিয়েছেন। বিশেষত বিদেশের মাটিতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে তাঁর শতরান হাঁকানোর নজির রয়েছে।

সহবাগকে টপকানোর সুযোগ

টেস্ট ফর্ম্যাটে দেশের জার্সিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর নজির এখনও বীরেন্দ্র সহবাগের দখলে। তিনি তাঁর কেরিয়ারে মোট ৯১টি ছক্কা হাঁকিয়েছেন। ঋষভ পন্থ আর মাত্র দু’টি ছক্কা হাঁকালেই বীরুকে টপকে এই রেকর্ড নিজের নামে করতে পারবেন। চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজেই এই মাইলফলক ছোঁয়ার দারুণ সুযোগ থাকছে তাঁর সামনে।

এছাড়া, ভারতীয় উইকেটকিপার ব্যাটার হিসেবে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও ঋষভ পন্থ। এই রেকর্ডে তিনি মহেন্দ্র সিং ধোনিকে টেক্কা দিয়েছেন। ২০১৯ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ১৫৯ রানের যে ইনিংসটি তিনি খেলেছিলেন, তা এই ফর্ম্যাটে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান।

ফিটনেস প্রশ্নে ক্ষুব্ধ বুমরা

এদিকে, ইডেনে প্রথম দিনেই পাঁচ উইকেট নিয়ে প্রোটিয়া ব্যাটিং লাইন-আপে ভাঙন ধরিয়েছিলেন তারকা পেসার জসপ্রীত বুমরা। ইনিংসে এটি তাঁর ১৬তম পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব। প্রথম দিনের খেলা শেষে ফিটনেস নিয়ে ওঠা প্রশ্নের জবাবে বুমরা চাঁচাছোলা জবাব দেন।

বুমরা বলেন, “নিজের পারফরম্যান্স নিয়ে আমি খুব খুশি। যে ফর্ম্যাটেই খেলি না কেন, নিজের সেরাটা দিই। তারপরেও ফিটনেস নিয়ে যে সমস্ত প্রশ্ন তোলা হয়, সেগুলো আমার নিজের প্রশ্ন নয়। আমি সেগুলোর জবাব দেব না।” তিনি আরও যোগ করেন, “আমি যত বেশি সম্ভব ম্যাচ খেলার চেষ্টা করি। প্রত্যেক ফর্ম্যাটেই সেরা খেলাটা খেলতে চাই। সেভাবেই কেরিয়ারকে দেখেছি। ভবিষ্যতেও সেভাবেই খেলব। বাকি প্রশ্ন তোলা বা উত্তর দেওয়া, যে যা খুশি করতে পারে। আমি যতদিন দলের কাজে লাগতে পারছি, ততদিন খুশি। নতুন নতুন জিনিস শিখতে চাই আর দলের হয়ে অবদান রাখতে চাই।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy