SPORTS: স্থগিত হয়েগেলো ISL, চিঠি দিয়ে জানাল আয়োজক সংস্থা, অনিশ্চিত ফুটবলের ভবিষ্যৎ

ভারতের জনপ্রিয় ফুটবল লিগ, ইন্ডিয়ান সুপার লিগ (ISL), আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত ২০২৫-২৬ সালের আইএসএল মরশুম শুরু হচ্ছে না, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে আইএসএলের সঙ্গে যুক্ত সমস্ত ক্লাবকে। এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) এর মধ্যে মাস্টার রাইটস এগ্রিমেন্ট (MRA) নবায়নে অনিশ্চয়তা।

কেন এই আকস্মিক স্থগিতাদেশ?
সাধারণত, প্রতি বছর সেপ্টেম্বর মাসে আইএসএল শুরু হয়ে এপ্রিল মাস পর্যন্ত চলে। কিন্তু চলতি বছর ডিসেম্বর মাসেই আইএসএল এবং এআইএফএফ-এর মধ্যে ১৫ বছরের পুরোনো চুক্তি (MRA) শেষ হয়ে যাচ্ছে। FSDL-এর পক্ষ থেকে জানানো হয়েছে, যদি এখন মরশুম শুরু করা হয়, তবে ডিসেম্বরের পর এই টুর্নামেন্ট চালানো কঠিন হয়ে পড়তে পারে। তাই শুরু থেকেই এটিকে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

FSDL ক্লাবগুলিকে পাঠানো চিঠিতে স্পষ্ট করে জানিয়েছে:
“যদিও FSDL এবং AIFF-এর মধ্যে MRA-এর সম্ভাব্য পুনর্নবীকরণ নিয়ে আলোচনা কয়েক মাস আগে শুরু হয়েছিল, তবুও এখনও তা অনিশ্চিত। ডিসেম্বরের পরে একটি সুনির্দিষ্ট চুক্তি কাঠামোর অভাবে, ২০২৫-২৬ ISL মরশুমের কার্যকরভাবে পরিকল্পনা, আয়োজন বা বাণিজ্যিকীকরণ করতে অক্ষম।”

চিঠিতে আরও বলা হয়েছে, “এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা আপনাকে দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা বর্তমানে ২০২৫-২৬ আইএসএল মরশুম শুরু করার অবস্থানে নেই এবং বর্তমান এমআরএ মেয়াদের পরে চুক্তির কাঠামো সম্পর্কে আরও স্পষ্টতা না আসা পর্যন্ত এটি স্থগিত রাখছি।”

সুপ্রিম কোর্টের নির্দেশিকা এবং চুক্তির জটিলতা
এর আগেই আয়োজক FSDL ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিষয়টি পরিষ্কার করে জানিয়েছিল যে, মাস্টার রাইটস এগ্রিমেন্ট (MRA) নিয়ে পুরোপুরি সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নতুন মরশুমের আইএসএল শুরু করা সম্ভব নয়। এর পেছনে রয়েছে সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ। সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছে যে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সংশোধিত সংবিধান আদালত অনুমোদন না করা পর্যন্ত FSDL-এর সঙ্গে চুক্তি (MRA) নবীকরণ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।

২০১০ সালে এআইএফএফ-এর সঙ্গে রিলায়েন্স এবং স্টারের মধ্যে এই ১৫ বছরের মাস্টার রাইটস এগ্রিমেন্ট (MRA) স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি অনুযায়ী, আইএসএল পরিচালনার জন্য ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) গঠিত হয়। এই চুক্তি অনুযায়ী এতদিন ধরে FSDL-এর কাছ থেকে প্রতি বছর ৫০ কোটি টাকা পেয়েছে এআইএফএফ। এই ১৫ বছরের চুক্তি ডিসেম্বরে শেষ হচ্ছে। কিন্তু আইএসএল ১৪ সেপ্টেম্বর শুরু হয়ে আগামী বছরের এপ্রিল মাসে শেষ হওয়ার কথা। এমআরএ চুক্তি নবীকরণ না হলে ডিসেম্বরের পর কীভাবে আইএসএল চলবে, এই অনিশ্চয়তার জেরেই টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই স্থগিতাদেশ ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে। কবে নাগাদ এই অচলাবস্থার নিরসন হবে এবং আইএসএল আবার মাঠে ফিরবে, তা এখনও অনিশ্চিত।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy