আইপিএল ২০২৬ (IPL 2026) নিলামের আগে ক্রিকেটারদের দলবদল ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। ১৫ নভেম্বরের মধ্যে ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা জমা দেওয়ার সময়সীমা যত ঘনিয়ে আসছে, ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ততই বাড়ছে রদবদলের টানাপোড়েন। এই মুহূর্তে সেই চর্চার কেন্দ্রে রয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন।
খবর সূত্রে জানা গিয়েছে, সঞ্জুকে দলে নিতে মরিয়া চেন্নাই সুপার কিংস (CSK) ইতিমধ্যে রাজস্থানের সঙ্গে গভীর আলোচনা শুরু করেছে। রাজস্থানও তাদের দীর্ঘদিনের অধিনায়ককে ছেড়ে দিতে আগ্রহী—তবে তা কড়া শর্তে। সঞ্জুর বদলে শুরুতে তারা চেয়েছিল রবীন্দ্র জাডেজা এবং স্যাম কারেনকে। সেই প্রস্তাবে প্রাথমিকভাবে রাজিও ছিল চেন্নাই, তবে সিএসকে ম্যানেজমেন্ট স্পষ্ট করে দেয়, জাডেজার সম্মতি ছাড়া তাঁকে ছাড়া হবে না।
রাজস্থানের নতুন দাবি: কারেন নয়, চাই পাথিরানা!
কিন্তু নাটকীয় মোড় নেয় সর্বশেষ রিপোর্টে। রাজস্থান রয়্যালস হঠাৎই তাদের দাবি বদলেছে। স্যাম কারেনের বদলে তারা এখন জাডেজার সঙ্গে চাইছে শ্রীলঙ্কান তরুণ পেসার মথিশা পাথিরানাকে! এই দাবিতে কার্যত নারাজ চেন্নাই। দলের অভ্যন্তরীণ বৈঠকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, কোচ স্টিফেন ফ্লেমিং এবং পরামর্শক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আলোচনা করে সিএসকে সাফ জানিয়েছে, “জাডেজা নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু ভবিষ্যতের তারকা পাথিরানাকে কোনওভাবেই ছাড়া হবে না।”
এর আগে সঞ্জুকে নিতে দিল্লি ক্যাপিটালসও আগ্রহ দেখিয়েছিল। দিল্লি ত্রিস্তান স্টাবসকে অফার করলেও রাজস্থান তার সঙ্গে তরুণ ভারতীয় ব্যাটার সমীর রিজভিকে চাওয়ায় ভেস্তে যায় সেই ডিল।
বর্তমানে সঞ্জুর দলবদল নিয়ে আলোচনা শুধু রাজস্থান ও চেন্নাইয়ের মধ্যেই সীমাবদ্ধ। উল্লেখযোগ্যভাবে, জাডেজার আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল রাজস্থান রয়্যালসের হয়ে, প্রথম মরসুমে চ্যাম্পিয়নও হয়েছিলেন। অন্যদিকে, সঞ্জু স্যামসন রাজস্থানের সঙ্গে দীর্ঘ ১১ বছর কাটিয়ে গত মরশুমের পর ইঙ্গিত দিয়েছিলেন, “এ বার দল বদলানোর সময় এসেছে।”
রাজস্থানের নতুন দাবি চেন্নাই প্রত্যাখ্যান করায় সঞ্জুর দলবদল আবারও অনিশ্চয়তার মুখে। ১৫ নভেম্বরের মধ্যেই স্পষ্ট হবে, সঞ্জু রাজস্থানে থাকছেন নাকি ধোনির প্রিয় চেন্নাইয়ে নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে।