CSK-তে বড় ঝাঁকুনি! কনওয়ে, রাচিন, পাথিরানাকে রিলিজ! ১৮ কোটির সঞ্জু স্যামসন এলেন, জাদেজা গেলেন রাজস্থানে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) জন্য ক্রিকেটার ধরে রাখার সময়সীমা প্রায় শেষ হওয়ার মুখে, আর তখনই বড়সড় রদবদল ঘটাল চেন্নাই সুপার কিংস (CSK)। নিউজিল্যান্ডের তারকা ওপেনার ডেভন কনওয়ে, তরুণ অলরাউন্ডার রাচিন রবীন্দ্র এবং শ্রীলঙ্কার পেসার মাহিশা পাথিরানাকে রিলিজ করে দিয়েছে চেন্নাই।

সেইসঙ্গে, ভারতীয় ক্রিকেটার দীপক হুডা, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠীসহ মোট পাঁচজন ভারতীয় খেলোয়াড়কেও ছেড়ে দিয়েছে সিএসকে। এর আগে ট্রেডিংয়ের মাধ্যমে রবীন্দ্র জাদেজা এবং স্যাম কুরানকে রাজস্থান রয়্যালসের (RR) হাতে তুলে দেওয়া হয়। উল্টোদিকে, রাজস্থান থেকে সঞ্জু স্যামসন চেন্নাইতে ফিরে এসেছেন।

সঞ্জু এলেন ১৮ কোটিতে, জাদেজা হলেন রাজস্থানের ক্যাপ্টেন!

সঞ্জু স্যামসনের ট্রেডিং নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেছে চেন্নাই সুপার কিংস তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। তাঁকে ১৮ কোটি টাকার বিনিময়ে দলে নেওয়া হয়েছে। অন্যদিকে, জাদেজা ও স্যাম কুরানকে রাজস্থান রয়্যালসের কাছে ছেড়ে দিয়েছে চেন্নাই।

সূত্রের খবর, রবীন্দ্র জাদেজাকে রাজস্থানের অধিনায়কত্বের আশ্বাস দেওয়া হয়েছে। এই আশ্বাস পেয়েই জাদেজা তাঁর প্রথম ফ্র্যাঞ্চাইজি রাজস্থানে ফিরে গেছেন। তবে সঞ্জু স্যামসনের ভূমিকা চেন্নাইতে কী হবে, তা এখনও স্পষ্ট নয়। বর্তমানে দলকে নেতৃত্ব দিচ্ছেন রুতুরাজ গায়কোয়াড়, তাই প্রথম মরশুমেই সঞ্জুকে অধিনায়কত্ব দেওয়া নাও হতে পারে।

CSK-এর হাতে এখন ৪৩.৪ কোটি টাকা

একাধিক তারকাকে রিলিজ ও ট্রেডিংয়ের পর চেন্নাই সুপার কিংসের হাতে এখন বিশাল অঙ্কের ৪৩.৪ কোটি টাকা হাতে রয়েছে। সিএসকে-র এই মুহূর্তে মোট ৯ জন ক্রিকেটারের প্রয়োজন, যার মধ্যে তিনজন বিদেশি খেলোয়াড়।

রিটেইনড ক্রিকেটারদের তালিকা:

চেন্নাই সুপার কিংস এমএস ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, ডেওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, খলিল আহমেদ, অংশুল কাম্বোজ, উর্ভিল প্যাটেল, নাথান এলিস, শ্রেয়স গোপাল, মুকেশ চৌধুরী, জেমিয়ে ওভারটন, গুরজানপ্রীত সিং এবং আয়ুষ মাত্রেকে ধরে রেখেছে। এই শক্তিশালী দলের সঙ্গেই যোগ দেবেন সঞ্জু স্যামসন। এছাড়া নিলাম থেকে অন্যান্য ক্রিকেটারদেরও কেনার সুযোগ রয়েছে চেন্নাই সুপার কিংসের কাছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy