২২ গজের লড়াইয়ে পাকিস্তানকে পর্যুদস্ত করার পর মাঠের বাইরেও তাদের চরম অপমান করল ভারতীয় ক্রিকেট দল। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রথাগত হ্যান্ডশেক বা সৌজন্য বিনিময় হয়নি। শুধু তাই নয়, পাকিস্তানি দলের জন্য ড্রেসিংরুমের দরজাও বন্ধ করে দেওয়া হয়। এই অভিনব ঘটনার কারণ ব্যাখ্যা করেছেন ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।
মাত্র ১৬ ওভারেই পাকিস্তানের দেওয়া ১২৮ রানের টার্গেট পেরিয়ে ম্যাচ জেতে ভারত। কিন্তু এই জয়ের পর কোনো ধরনের সৌজন্য দেখানোর পরিবর্তে ভারতীয় দল এক কঠিন অবস্থান নেয়। এই সিদ্ধান্তকে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সমর্থন করেছে।
ম্যাচ শেষে টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব এই জয়টি পাহেলগাঁও-তে নিহত এবং দেশের সেনাবাহিনীর প্রতি উৎসর্গ করেন। তিনি বলেন, “কিছু জিনিস স্পোর্টসম্যানশিপের থেকেও উপরে।” তিনি আরও বলেন, “আমাদের দলের পক্ষ থেকে এটি একটি সম্মিলিত সিদ্ধান্ত ছিল। আমরা শুধু খেলতে এসেছিলাম এবং খেলার মাধ্যমেই জবাব দিয়েছি। কিন্তু কিছু বিষয় খেলার ঊর্ধ্বে। আমরা এই জয় দেশের সেনাবাহিনীকে উৎসর্গ করছি, যারা ‘অপারেশন সিঁদুর’-এ অংশ নিয়েছেন। পাহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে আমরা আছি। আমরা সরকার এবং বিসিসিআই-এর সিদ্ধান্ত মেনে চলব।”
ভারত ও পাকিস্তানের মধ্যে এই ম্যাচটি নিয়ে আগেও বিতর্ক ছিল। অনেকেই এই ম্যাচ বাতিলের দাবি তুলেছিলেন এবং ম্যাচ বয়কটের জন্য বিক্ষোভও প্রদর্শন করা হয়। এতকিছুর পরও ম্যাচটি অনুষ্ঠিত হয়, এবং ভারত জয় ছিনিয়ে নেয়। তবে মাঠের বাইরে এই জয়কে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেল ভারতীয় দল।