দিল্লি ক্যাপিটালসের কাছে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাদের ঘরের মাঠ গুয়াহাটিতে নামার আগে মুম্বই শিবিরে স্বস্তির খবর— অধিনায়ক হার্দিক পান্ডিয়া সম্পূর্ণ ফিট। বোলিং কোচ পরশ মামব্রে জানিয়েছেন, শারীরিক অসুস্থতা কাটিয়ে রবিবার নেটে টানা দুই ঘণ্টা অনুশীলন করেছেন হার্দিক। মঙ্গলবার বর্ষাপাড়ার হাই-ভোল্টেজ ম্যাচে তাঁর খেলতে কোনো বাধা নেই।
হার্দিকের অনুপস্থিতিতে গত ম্যাচে মুম্বইয়ের বোলিং বিভাগ কিছুটা খাপছাড়া দেখাচ্ছিল। বিশেষ করে ট্রেন্ট বোল্টের বদলে করবিন বস্ককে খেলানোর সিদ্ধান্ত কাজে আসেনি। হার্দিক ফেরায় বোলিং ও ব্যাটিং— দুই বিভাগেই ভারসাম্য ফিরবে পাঁচবারের চ্যাম্পিয়নদের। অন্যদিকে, রিয়ান পরাগের নেতৃত্বে উড়ছে রাজস্থান রয়্যালস। যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল ও সিমরন হেটমেয়ারদের নিয়ে গড়া গোলাপি ব্রিগেড জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামছে। তবে আকর্ষণের কেন্দ্রে থাকছে ১৫ বছরের ‘ওয়ান্ডার কিড’ বৈভব সূর্যবংশী বনাম জাসপ্রিত বুমরাহ্-র দ্বৈরথ।
গুয়াহাটির আবহাওয়ার পূর্বাভাস বলছে, মঙ্গলবার দুপুরের দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পিচে আর্দ্রতা থাকলে জোফ্রা আর্চার বা নান্দ্রে বার্গারদের সামলানো মুম্বইয়ের ব্যাটারদের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে পারে। বোলাররা এই ম্যাচে নির্ণায়ক ভূমিকা নিতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।





