বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য দুঃসংবাদ। ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) এবং উইমেনস প্রিমিয়ার লিগ (WPL) সে দেশে সম্প্রচারিত হওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতীয় সম্প্রচারকারী সংস্থা JioStar বাংলাদেশের ‘টি-স্পোর্টস’ (TSports)-এর সঙ্গে তাদের চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি পাঠানো এক চিঠিতে JioStar স্পষ্ট জানিয়েছে, অর্থ পরিশোধে ধারাবাহিক ব্যর্থতা এবং বকেয়া অনিয়মের কারণেই এই কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে।
যদিও ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক ও ক্রিকেটীয় টানাপোড়েন চলছিল, তবে এই চুক্তি বাতিলের নেপথ্যে রাজনৈতিক কারণের চেয়ে বাণিজ্যিক ও আর্থিক কারণই বেশি প্রকট। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত সম্প্রচার স্বত্ব সাব-লাইসেন্সের মাধ্যমে অর্জন করেছিল টি-স্পোর্টস। কিন্তু কিস্তির টাকা মেটাতে বারবার ব্যর্থ হওয়ায় JioStar তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করল। এর ফলে বাংলাদেশের কোটি কোটি আইপিএল ভক্তরা প্রিয় লিগ দেখা থেকে বঞ্চিত হতে পারেন।