চিরঘুমে বিজয়গড়ের প্রিয় ‘বাবিন’! কান্নায় ভেঙে পড়ল টলিউড, রাহুলের নিথর দেহ ফিরল বাড়িতে

বিজয়গড় আজ নিস্তব্ধ, বিষণ্ণ। টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের নিথর দেহ যখন ফুল দিয়ে সাজানো শববাহী যানে করে পাড়ায় ফিরল, তখন প্রতিবেশীদের চোখের জল বাঁধ মানল না। রবিবার এক আকস্মিক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গিয়েছেন সবার প্রিয় ‘বাবিন’।

সোমবার সকাল থেকেই রাহুলের বাড়িতে ভিড় জমিয়েছেন অনুরাগী ও সহকর্মীরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, রূপাঞ্জনা মৈত্রসহ টলিউডের প্রথম সারির তারকারা উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, অভিনেতার ফুসফুস নোনা জল ও বালিতে ভরে গিয়েছিল, যার ফলে দমবন্ধ হয়ে হৃদ্‌স্পন্দন থেমে যায়। কীভাবে সবার চোখের সামনে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। প্রিয় বন্ধুর এমন প্রস্থান মেনে নিতে পারছেন না কেউই।