ফর্মে ফিরলেন সিন্ধু! কঠিন প্রতিপক্ষকে হারিয়ে চিনা মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে

ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে দুর্দান্ত জয় পেলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। বৃহস্পতিবার চিনের শেনঝেন শহরে অনুষ্ঠিত সুপার ৭৫০ টুর্নামেন্টে কঠিন প্রতিপক্ষ থাইল্যান্ডের পর্নপাউই চোচুওংকে স্ট্রেট গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন তিনি। মাত্র ৪১ মিনিটের এই লড়াইয়ে সিন্ধু ২১-১৫, ২১-১৫ গেমে বিশ্বের ৬ নম্বর খেলোয়াড়কে পরাজিত করেন।

এই জয় সিন্ধুর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এর আগে ইন্দোনেশিয়া ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে এই একই প্রতিপক্ষের কাছে হেরেই তার টুর্নামেন্ট যাত্রা থেমেছিল। তাই এই জয়কে প্রতিশোধ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। সিন্ধু শুরু থেকেই ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নেন এবং ক্রস কোর্ট স্ম্যাশের মাধ্যমে চোচুওংকে পরাস্ত করতে থাকেন। প্রথম রাউন্ডে সিন্ধু ডেনমার্কের জুলি জ্যাকবসেনকে ২১-৫, ২১-১০ গেমে হারিয়েছিলেন।

কোয়ার্টার ফাইনালে সিন্ধুর সামনে অপেক্ষা করছে আরও কঠিন চ্যালেঞ্জ। সেখানে বিশ্বের ১ নম্বর খেলোয়াড় আন সে ইয়ংয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তার। সিন্ধু নিজেও এই জয় নিয়ে খুশি এবং আত্মবিশ্বাসী। ম্যাচ শেষে তিনি বলেন, “এই জয়ে আমি খুব খুশি। শুরু থেকেই আমি ১০০ শতাংশ উজাড় করে দিয়েছিলাম। ইন্দোনেশিয়া ওপেনে ওর বিরুদ্ধে খেলাটা খুব কঠিন ছিল, তাই এই ম্যাচে প্রথম গেম জেতার পর আরও বেশি সতর্ক ছিলাম।”

উল্লেখ্য, গত মাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিলেন সিন্ধু। ইন্দোনেশিয়ার পুতরি কুসুমা ওয়ারদানির কাছে ১৪-২১, ২১-১৩, ১৬-২১ গেমে হেরে তার ষষ্ঠ পদক জয়ের স্বপ্ন ভেঙে গিয়েছিল। তবে এরপরও নিজের পারফরম্যান্সে খুশি ছিলেন ভারতীয় তারকা শাটলার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy