প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস সুনীল ছেত্রীর! মুম্বইকে হারিয়ে লিগের শীর্ষে ‘ব্লুজ’

ইন্ডিয়ান সুপার লিগে প্রথম ফুটবলার হিসেবে ২০০তম ম্যাচ খেলার ঐতিহাসিক মাইলস্টোন স্পর্শ করলেন সুনীল ছেত্রী। শুক্রবার ঘরের মাঠে মুম্বই সিটি এফসিকে ২-০ গোলে হারিয়ে প্রাক্তন ভারত অধিনায়কের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখল বেঙ্গালুরু এফসি। এই জয়ের সুবাদে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল বেঙ্গালুরু, পিছনে ফেলে দিল পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া মোহনবাগান সুপার জায়ান্টকে।

কান্তিরাভা স্টেডিয়ামে এদিন অধিনায়ক সুনীল ছেত্রীকে প্রথম একাদশে রেখেই দল সাজান বেঙ্গালুরু কোচ পেপ মুনোজ। জাতীয় দল থেকে অবসর নেওয়ার দেড় বছরেরও বেশি সময় পরও ক্লাব ফুটবলে তাঁর উপস্থিতি এবং অভিজ্ঞতা যে দলের কাছে কতটা মূল্যবান, তা আরও একবার স্পষ্ট হলো। চলতি মরসুমে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অ্যাসিস্টের পর শুক্রবার নিজের ২০০তম আইএসএল ম্যাচে মাঠে নামেন ছেত্রী। দ্বিতীয়ার্ধে তাঁর পরিবর্তে নামেন রায়ান উইলিয়ামস।

প্রথমার্ধে দুই দলই সতর্ক থাকায় গোলের দেখা মেলেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বেঙ্গালুরু। বক্সের মধ্যে সোহম বর্ষনেয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিক দল। স্পটকিক থেকে চলতি আইএসএলে নিজের চতুর্থ গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন বোরহা মার্তিনেজ। এরপর ৮৫ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে বল ধরে একক দক্ষতায় দুর্দান্ত গোল করে দলের ২-০ জয় নিশ্চিত করেন পরিবর্ত হিসেবে নামা রায়ান উইলিয়ামস।

অন্যদিকে, নতুন কোচ আশবীর সিং জোহালের অধীনে এটি ছিল মুম্বই সিটি এফসির প্রথম ম্যাচ। কিন্তু কোচ বদলালেও দলের ছন্দ ফেরেনি। পাঁচ ম্যাচে মাত্র দুই পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের দ্বাদশ স্থানেই রয়ে গেল ‘আইল্যান্ডার্স’।