মেটাকে ৭ দিনের চরম আল্টিমেটাম যুব কংগ্রেসের! হায়দরাবাদে বিক্ষোভ ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা

শুক্রবার হায়দরাবাদের গাচিবৌলিতে মেটার অফিসে ঢুকে বিক্ষোভ দেখালেন যুব কংগ্রেসের কর্মীরা। যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু চিব এবং সংগঠনের জাতীয় ইনচার্জ মনীশ শর্মার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার প্রতিবাদেই এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। বিক্ষোভের নেতৃত্ব দেন তেলঙ্গানা যুব কংগ্রেসের সভাপতি জাক্কিডি শিবাচরণ রেড্ডি। পরিস্থিতি সামাল দিতে তাঁকে এবং যুব কংগ্রেসের একাধিক নেতাকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়।

বিক্ষোভ চলাকালীন শিবাচরণ রেড্ডি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির উপর নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছে বিজেপি। তাঁর দাবি, বিজেপির নির্দেশেই বিরোধী নেতাদের অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে, যা সরাসরি গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত। সংগঠনের এক্স হ্যান্ডলে জানানো হয়, সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মেটাকে সাত দিনের সময়সীমা দেওয়া হয়েছে। দাবি না মানা হলে দেশের বিভিন্ন প্রান্তে মেটার অফিস বন্ধ করে দেওয়ার পাশাপাশি আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। হায়দরাবাদের মেটা অফিসে বিক্ষোভ ও ভাঙচুরের অভিযোগে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। দলের মুখপাত্র প্রদীপ ভান্ডারী যুব কংগ্রেস কর্মীদের ‘গুণ্ডা’ বলে কটাক্ষ করে অভিযোগ করেন, অফিসে ভাঙচুর চালানোর পাশাপাশি সমাজমাধ্যমে তার প্রচারও করা হচ্ছে। অতীতে ওয়ার্ল্ড এআই সামিটে পোশাক খুলে ঢুকে দেশকে অপমান করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বেসরকারি সংস্থায় ভাঙচুর কংগ্রেসের রাজনৈতিক সংস্কৃতির অঙ্গ। এই ঘটনার বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রতিবাদে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে, বিক্ষোভের নিন্দা করেছেন বিআরএস নেতা কোনাথাম দিলীপ। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির শাসনে তেলঙ্গানার আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যত তামাশায় পরিণত হয়েছে। দিলীপ জানান, মেটা বিআরএসেরও একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে, কিন্তু তাঁরা আইনি পথে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বহুজাতিক সংস্থার অফিসে এমন বিশৃঙ্খলা রাজ্যের বিনিয়োগ পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।