অ্যাক্টিভা, জুপিটার না কি অ্যাক্সেস? ফ্যামিলি স্কুটার কেনার আগে কোনটির পাল্লা ভারী?

পরিবারের জন্য স্কুটার কেনার সময় শুধু যাতায়াতের কথা ভাবলে চলে না, চালক ও পিছনের যাত্রীর আরামও সমান গুরুত্বপূর্ণ। শহরের ভিড় সামলানো, ভালো মাইলেজ, কম রক্ষণাবেক্ষণ খরচ আর রোজকার কাজে সুবিধার দিক থেকেই বাজারের তিনটি জনপ্রিয় স্কুটার—হন্ডা অ্যাক্টিভা, টিভিএস জুপিটার এবং সুজুকি অ্যাক্সেসের মধ্যে তুলনা উঠে এসেছে। প্রতিটি মডেলেরই আলাদা শক্তি ও সীমাবদ্ধতা রয়েছে, তাই কোনটি সেরা তা নির্ভর করে পরিবারের চাহিদার ওপর।ইঞ্জিন ও পারফরম্যান্সের দিক থেকে তিনটি স্কুটারেই এয়ার-কুল্ড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন এবং CVT গিয়ারবক্স রয়েছে। হোন্ডা অ্যাক্টিভার ১০৯.৫১ সিসির ইঞ্জিন ৭.৮৮ বিএইচপি শক্তি ও ৯.০৫ এনএম টর্ক দেয়, যা দৈনন্দিন শান্ত ও মসৃণ যাতায়াতের জন্য উপযোগী। টিভিএস জুপিটারের ১১৩.৩ সিসির ইঞ্জিন ৭.৯১ বিএইচপি শক্তি ও ৯.২ এনএম টর্ক (নির্দিষ্ট ভ্যারিয়েন্টে iGO Assist-সহ ৯.৮ এনএম টর্ক) জোগায়। অন্যদিকে, সুজুকি অ্যাক্সেস ১২৫-এর ১২৪ সিসির ইঞ্জিন ৮.৩ বিএইচপি শক্তি ও ১০.২ এনএম টর্ক তৈরি করে, ফলে পিছনে যাত্রী নিয়ে চলতে বা চড়াই পথে এটি বেশি স্বচ্ছন্দ।ওজন ও মাপজোখের দিক থেকে ১০৫ থেকে ১০৬ কেজির এই তিনটি স্কুটারই শহরে চালানোর পক্ষে হালকা। অ্যাক্টিভার দৈর্ঘ্য ১,৮৩৩ মিমি, হুইলবেস ১,২৬০ মিমি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬২ মিমি এবং সিট হাইট ৭৬৪ মিমি, যা কম উচ্চতার চালকদের জন্য সুবিধাজনক। জুপিটার ১,৮৪৮ মিমি লম্বা, হুইলবেস ১,২৭৫ মিমি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৩ মিমি এবং সিট হাইট ৭৭০ মিমি; চওড়া সিট ও লম্বা হুইলবেস পিছনের যাত্রীর আরাম বাড়ায়। অ্যাক্সেসের দৈর্ঘ্য ১,৮৩৫ মিমি, হুইলবেস ১,২৬০ মিমি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬০ মিমি এবং সিট হাইট ৭৭৩ মিমি।
স্টোরেজ ও ব্যবহারিক সুবিধায় ৩৩ লিটার আন্ডার-সিট স্পেস নিয়ে এগিয়ে টিভিএস জুপিটার। এর সঙ্গে সামনের জায়গা, বাইরে থেকে জ্বালানি ভরার সুবিধা এবং Type-A ইউএসবি চার্জিং রয়েছে। সুজুকি অ্যাক্সেসে ২৪.৪ লিটার স্টোরেজের পাশাপাশি সামনের পকেট, বাইরের ফুয়েল ফিলার ও ইউএসবি পোর্ট আছে। অ্যাক্টিভাতে বাইরে থেকে তেল ভরার সুবিধা থাকলেও সামনের জায়গা কম এবং আন্ডার-সিট স্টোরেজ ১৮ লিটার, তবে কিছু ভ্যারিয়েন্টে Type-C ইউএসবি চার্জিং মেলে।
সাসপেনশনে তিনটিরই সামনে টেলিস্কোপিক ফর্ক রয়েছে; পিছনে অ্যাক্টিভা ও জুপিটারে অ্যাডজাস্টেবল শক অ্যাবজরবার এবং অ্যাক্সেসে সুইংআর্ম-মাউন্টেড শক অ্যাবজরবার দেওয়া হয়েছে। তিনটির পিছনেই ড্রাম ব্রেক থাকলেও সামনে জুপিটার ও অ্যাক্সেসের উপরের ভ্যারিয়েন্টে ডিস্ক ব্রেক পাওয়া যায়, আর অ্যাক্সেসের শীর্ষ ভ্যারিয়েন্টে সিঙ্গল-চ্যানেল এবিএস রয়েছে। অ্যাক্টিভা ও অ্যাক্সেসের নির্দিষ্ট ভ্যারিয়েন্টে নেভিগেশন ও স্মার্টফোন সংযোগসহ ৪.২ ইঞ্চি কালার টিএফটি ডিসপ্লে আছে, জুপিটারের উচ্চ ভ্যারিয়েন্টে SmartXonnect সংযোগ পাওয়া যায় এবং অ্যাক্টিভাতে H-Smart কি-লেস প্রযুক্তি রয়েছে। দামের দিক থেকে জুপিটারের শুরুর ভ্যারিয়েন্ট তুলনামূলকভাবে সাশ্রয়ী হলেও ফিচার ও ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম বাড়ে। অ্যাক্টিভার তুলনীয় ভ্যারিয়েন্টের দাম কিছুটা বেশি এবং স্মার্ট ফিচারযুক্ত শীর্ষ মডেল আরও ব্যয়বহুল। অ্যাক্সেসের দাম ১১০ সিসির দুই স্কুটারের চেয়ে কিছুটা বেশি হলেও বাড়তি ইঞ্জিন ক্ষমতা ও ফিচার তা পূরণ করে। সংক্ষেপে, ঝামেলামুক্ত পরিচিত অভিজ্ঞতা চাইলে হন্ডা অ্যাক্টিভা, প্র্যাকটিক্যালিটি ও স্টোরেজে সেরা চাইলে টিভিএস জুপিটার এবং বেশি শক্তি ও পারফরম্যান্স চাইলে সুজুকি অ্যাক্সেস বেছে নেওয়া যায়।