সৌরভের নতুন শোর সেটে কাজ করতে গিয়ে পড়ে মৃত্যু কর্মীর! টলিপাড়ায় শোকের ছায়া

শ্যুটিং সেটে ফের মর্মান্তিক মৃত্যু। নতুন এক গেম শোর শ্যুটিং সেটে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন এক টেকনিশিয়ান। গ্যাংটকের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এই মৃত্যুর ঘটনায় শ্যুটিং ফ্লোরে কর্মরত কলা-কুশলী ও অভিনেতা-অভিনেত্রীদের নিরাপত্তা বিধি নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গিয়েছে, স্টার জলসার আসন্ন গেম শো ‘খেলো বাংলা’-র শ্যুটিং চলাকালীন নারায়ণী স্টুডিওতে এই দুর্ঘটনা ঘটে। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেটে কাজ করার সময় উপর থেকে পড়ে যান আর্ট বিভাগের কর্মী, ওড়িশার বাসিন্দা চন্দ্রকান্ত সোয়াইন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
সূত্রের খবর, ‘খেলো বাংলা’-র সেট তৈরির কাজ চলছিল। সে সময় ফ্লেক্স লাগাতে গিয়ে উপর থেকে পড়ে যান চন্দ্রকান্ত। রাতেই তাঁর মৃত্যু হয়। ঠিক কতটা উচ্চতা থেকে তিনি পড়ে গেলেন বা সেটে সুরক্ষার কী ব্যবস্থা ছিল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। চন্দ্রকান্ত ও তাঁর দাদা সূর্যকান্ত—দুই ভাইই আর্ট ডিপার্টমেন্টে কাজ করতেন। বাড়িতে রয়েছেন তাঁদের বাবা-মা। উল্লেখ্য, ১৯ নভেম্বরই এই অনুষ্ঠানের সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। তার পরপরই এমন দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
নিয়ম ও আশ্বাস সত্ত্বেও কেন বারবার দুর্ঘটনা?
এই ঘটনা ফের সামনে এনে দিয়েছে শ্যুটিং সেটের সুরক্ষা ব্যবস্থার খামতি। কয়েক মাস আগেই ধারাবাহিকের শ্যুটিংয়ে তালসারিতে গিয়ে সমুদ্রের জলে তলিয়ে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই তদন্ত কোন পথে এগোল, তা স্পষ্ট নয়। সে সময় কলা-কুশলীদের স্বার্থে সেটে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) চালুর কথা বলা হয়েছিল। এমনকী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে নতুন সরকার গঠনের পর টলিউডের জন্য একাধিক নিয়মাবলিও আনা হয়। কিন্তু একের পর এক প্রাণহানির ঘটনায় সেই সুরক্ষা ব্যবস্থা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
গ্যাংটকে পিন্টু মণ্ডলের মৃত্যু ও ক্ষতিপূরণ
এর আগে সম্প্রতি গ্যাংটকে হিন্দি ছবি ‘মিশন মির্চি’-র শ্যুটিং চলাকালীন গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান কলকাতার লাইট বিভাগের কর্মী পিন্টু মণ্ডল। ১৬ নভেম্বর লোকেশন বদলের সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এবং পরের দিন হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সেই ঘটনায় আহত হন গাড়ির চালক বাবর আলি মোল্লাও। পিন্টুর পরিবারকে প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস ৩৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছে। পাশাপাশি বিধায়ক ও অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং ফেডারেশনের পক্ষ থেকেও ৩৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
নতুন সরকার ক্ষমতায় আসার পর টলিপাড়ার সার্বিক চিত্র বদলাতে তৎপরতা শুরু হয়েছে। একাধিক গিল্ডের নির্বাচন সম্পন্ন হয়েছে এবং নতুন ফেডারেশন গঠনের কাজও চলছে; কয়েক দিনের মধ্যেই নতুন সভাপতি নির্বাচন হওয়ার কথা। তবে সাম্প্রতিক এই পরপর দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, শ্যুটিং ফ্লোরে নিরাপত্তা ও সুরক্ষাবিধি আরও কঠোর করার কোনো বিকল্প নেই।