সইফ-অমিতাভ-অভিষেকের নিরাপত্তা নিয়ে বড় চিঠি! বলিউডজুড়ে হুমকির আবহে নড়েচড়ে বসল প্রশাসন?

সাম্প্রতিক একের পর এক হুমকি ও অপরাধমূলক ঘটনার পর বলিউডের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সইফ আলি খান, অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন-সহ একাধিক তারকার নিরাপত্তা বাড়ানোর আর্জি জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে চিঠি পাঠিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের মতে, শুধুমাত্র কোনও বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতে নয়, গোটা চলচ্চিত্রজগতের সুরক্ষা নিয়েই প্রশাসনকে নতুন করে ভাবতে হবে, কারণ তারকাদের পাশাপাশি তাঁদের পরিবার ও ছবির কাজে যুক্ত বহু মানুষের নিরাপত্তাও গুরুত্বপূর্ণ।
সম্প্রতি সইফ আলি খানকে ঘিরে ফের প্রাণনাশের হুমকির অভিযোগ সামনে এসেছে, যেখানে একটি ভয়েস মেসেজে বাবা সিদ্দিকির পরিণতির কথা মনে করিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে মুম্বইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফকে কেন্দ্র করে গুলিচালনার ঘটনাও উদ্বেগ বাড়িয়েছিল। সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার পাশাপাশি মুম্বইয়ের পুলিশ কমিশনার দেবেন ভারতীকেও তার প্রতিলিপি পাঠিয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন।
চিঠিতে সইফ, অমিতাভ, অভিষেক ও তাঁদের পরিবারের সুরক্ষা জোরদার করার পাশাপাশি মুম্বইয়ে কর্মরত অভিনেতা, পরিচালক ও প্রযোজকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। শুটিং লোকেশনে পর্যাপ্ত পুলিশি নজরদারি, অপরাধী চক্রের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ এবং প্রকাশ্য অনুষ্ঠান ও সাংবাদিক বৈঠকের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। সংগঠনের আশঙ্কা, নিরাপত্তার কারণে শুটিং ব্যাহত হলে টেকনিশিয়ান ও পর্দার পিছনের কর্মীদের রুজি-রোজগার এবং প্রযোজনা সংস্থার আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।