পাকিস্তান সুপার লিগে (PSL) বল বিকৃতির অভিযোগে উত্তাল ক্রিকেট দুনিয়া। লাহোর কালান্দার্স বনাম করাচি কিংস ম্যাচে লাহোরের তারকা ব্যাটার ফকর জামানের বিরুদ্ধে বলের আকৃতি পরিবর্তনের অভিযোগ উঠেছে। ম্যাচ চলাকালীন আম্পায়ার ফয়জল আফ্রিদি এবং শরফৌদ্দৌল্লা বলটি পরীক্ষা করে দেখেন যে সেটি ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। শাস্তিস্বরূপ করাচি কিংসকে ৫ রান পেনাল্টি দেওয়া হয় এবং বলটি বদলে দেওয়া হয়।
এই ৫ রানই ম্যাচের ভাগ্য বদলে দেয়। শেষ ওভারে করাচির ৯ রান দরকার ছিল, যা সহজেই তুলে নেয় তারা। যদিও ম্যাচ রেফারি রোশন মহানামার কাছে শুনানিতে ফকর জামান এই অভিযোগ অস্বীকার করেছেন। পিসিবি জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। দোষী সাব্যস্ত হলে ফকরকে লেভেল-৩ অপরাধের জন্য অন্তত এক ম্যাচের নির্বাসনের মুখে পড়তে হতে পারে। শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফও এই ঘটনায় জড়িত কি না, তা খতিয়ে দেখছে বোর্ড।