এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ ভারত মুখোমুখি হচ্ছে ওমানের। যদিও টিম ইন্ডিয়া আগেই সুপার ফোরে জায়গা করে নেওয়ায় এই ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। তবে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচের আগে এই ম্যাচটিকে মহড়া হিসেবে দেখছেন কোচ গৌতম গম্ভীর।
এশিয়া কাপের সুপার ফোর পর্যায় শুরু হচ্ছে শনিবার থেকে। গ্রুপ ‘এ’ থেকে ভারত ও পাকিস্তান এবং গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ এই পর্বে জায়গা করে নিয়েছে। এই চারটি দল এবার রাউন্ড রবিন ফরম্যাটে একে অপরের বিরুদ্ধে খেলবে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুটি দল ফাইনালে যাবে।
এশিয়া কাপ সুপার ফোরের সূচি:
২০ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
২১ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান
২৩ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা
২৪ সেপ্টেম্বর: ভারত বনাম বাংলাদেশ
২৫ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম বাংলাদেশ
২৬ সেপ্টেম্বর: ভারত বনাম শ্রীলঙ্কা
২৮ সেপ্টেম্বর: ফাইনাল
ওমানের বিরুদ্ধে দলে একাধিক বদল
পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্রিকেটারদের তরতাজা রাখতে চান কোচ গম্ভীর। তাই ওমানের বিরুদ্ধে প্রথম একাদশে একাধিক বদলের সম্ভাবনা রয়েছে। প্রথম দুই ম্যাচে বোলাররা নিজেদের ঝালিয়ে নিলেও, জসপ্রীত বুমরা ছাড়া অন্য পেসারদের সুযোগ মেলেনি। তাই বুমরার বদলে অর্শদীপ সিং বা হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হতে পারে। জানা গেছে, বুমরাকে বিশ্রাম দিয়ে সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে নামানো হবে। টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক থেকে মাত্র এক উইকেট দূরে থাকা অর্শদীপের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি।
এছাড়াও, প্রথম দুই ম্যাচে মিডল অর্ডার ব্যাটাররা খুব বেশি ব্যাটিংয়ের সুযোগ পাননি। তাই ওমানের বিরুদ্ধে সঞ্জু স্যামসন বা হার্দিক পাণ্ডিয়াকে ব্যাটিং অর্ডারে উপরে তুলে আনা হতে পারে। শিবম দুবের বদলে রিঙ্কু সিংকেও দেখে নিতে পারেন গম্ভীর।