‘খেলা শেষে খবরটা দেওয়া হোক’, বাবার মৃত্যুর খবর পেয়ে মাঠেই ভেঙে পড়লেন শ্রীলঙ্কার বোলার

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জেতার পরই এক দুঃসংবাদ পেলেন শ্রীলঙ্কার উদীয়মান ক্রিকেটার দুনিথ ওয়েল্লালাগে। খেলা চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে তার বাবা সুরঙ্গ ওয়েল্লালাগের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর।

বৃহস্পতিবার মাহিশ থিকসানার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছিলেন ২২ বছর বয়সী এই তরুণ স্পিনার। তবে খেলার মাঝে তাকে এই খবর জানানো হয়নি, যাতে তার খেলায় কোনো প্রভাব না পড়ে। ম্যাচ শেষে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হওয়ার পর দলের ম্যানেজার তাকে বাবার মৃত্যুর খবর দেন। দুঃসংবাদ পেয়ে মাঠেই ভেঙে পড়েন ওয়েল্লালাগে।

পরিবারের সঙ্গে থাকার জন্য ওয়েল্লালাগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছে আবেদন জানালে তা মঞ্জুর করা হয়। বৃহস্পতিবার রাতেই তিনি শ্রীলঙ্কায় ফিরে গিয়েছেন। তার বাবা নিজেও একজন ক্রিকেটার ছিলেন।

ওয়েল্লালাগে বাকি ম্যাচ খেলতে এশিয়া কাপে ফিরবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা তার সঙ্গে কথা বলবেন। যদি তিনি এই পরিস্থিতিতে খেলতে না চান, তাকে জোর করা হবে না। সেক্ষেত্রে শ্রীলঙ্কা ক্রিকেট দল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) এবং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)-এর কাছে একজন নতুন ক্রিকেটারের জন্য আবেদন করতে পারে।

সুপার ফোরে শ্রীলঙ্কাকে আরও অন্তত তিনটি ম্যাচ খেলতে হবে। ২০ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে, ২৩ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এবং ২৬ সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে তাদের ম্যাচ আছে। ফাইনালে উঠলে মোট চারটি ম্যাচ খেলতে হবে।

আফগানিস্তানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়লাভ করে। সেই ম্যাচে আফগানরা প্রথমে ব্যাটিং করে ১৬৯ রান করে। জবাবে শ্রীলঙ্কা ১৮.৪ ওভারেই জয়ের লক্ষ্য পূরণ করে। কুশল মেন্ডিস ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy