মুক্তির আগেই বড় বিতর্কে রণবীর-সাঁইয়ের ‘রামায়ণ’! সিনেমা হলে আসার আগেই শর্ত দিল শ্রী রামলীলা মহাসঙ্ঘ

চলতি বছরের দীপাবলিতে মুক্তির অপেক্ষায় থাকা নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: পার্ট ওয়ান’ বড় পর্দায় আসার আগেই বড়সড় বিতর্কের মুখে পড়ল। ছবির বিষয়বস্তু ও ধর্মীয় ভাবাবেগ রক্ষা করতে এবার আসরে নামল দিল্লির শ্রী রামলীলা মহাসঙ্ঘ।

ঠিক কী দাবি তুলেছে রামলীলা মহাসঙ্ঘ?

দিল্লির শ্রী রামলীলা মহাসঙ্ঘের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে যে, ছবিটি প্রেক্ষাগৃহে সর্বসাধারণের জন্য মুক্তির আগে তাদের প্রতিনিধিদের জন্য একটি বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করতে হবে। সংগঠনের সভাপতি অর্জুন কুমার নির্মাতাদের উদ্দেশে চিঠি পাঠিয়ে সাফ জানিয়ে দিয়েছেন, ছবিতে যেন এমন কোনও দৃশ্য বা সংলাপ রাখা না হয় যা সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে।

তাঁদের বক্তব্য, মুক্তির আগে ছবিটি দেখার সুযোগ দেওয়া হলে যদি কোনো আপত্তিকর বিষয় নজরে আসে, তবে তা নিয়ে আগেই আলোচনা করা সম্ভব হবে। অন্যথায়, তাদের এই দাবি উপেক্ষা করা হলে দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হলের সামনে তীব্র বিক্ষোভের পথে হাঁটার হুশিয়ারিও দিয়েছে সংগঠনটি। অতীতে ‘আদিপুরুষ’ সিনেমাকে ঘিরে তৈরি হওয়া দেশজোড়া বিতর্ক থেকেই এই সতর্ক অবস্থান নিয়েছে তারা।

ছবির তারকাশিল্পী ও প্রেক্ষাপট

নীতেশ তিওয়ারির এই বিগ বাজেট প্রজেক্টে ভগবান শ্রীরামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, মা সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে এবং লঙ্কার রাজা রাবণের ভূমিকায় অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার যশ। চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই মেগা প্রজেক্টের প্রথম পর্বের। তবে মুক্তির আগেই এই বিশেষ প্রদর্শনীর দাবি ঘিরে বলিউড অন্দরে উত্তাপ বাড়তে শুরু করেছে।

Pratik Saha
  • Pratik Saha