এশিয়া কাপে রবিবার হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই মহারণের আগে ভারতকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন। তিনি জানিয়েছেন, ভারত বিশ্ব চ্যাম্পিয়ন এবং এশিয়া কাপের শিরোপাধারী হলেও, তাদের চ্যালেঞ্জের জন্য পাকিস্তান সম্পূর্ণ প্রস্তুত।
ওমানের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে মাইক হেসন বলেন, “আমরা জানি ভারত এখন আত্মবিশ্বাসের দিক থেকে অনেক এগিয়ে। কিন্তু আমরাও ক্রমশ উন্নতি করছি এবং এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমাদের দল প্রস্তুত।” তার এই আত্মবিশ্বাসের মূল কারণ হলো পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইনআপ।
হেসন বিশেষভাবে মুহাম্মদ নওয়াজের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “আমাদের দলের অন্যতম শক্তি হলো বিশ্বসেরা স্পিনার মুহাম্মদ নওয়াজ। এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করে সে দুর্দান্ত ফর্মে আছে।” নওয়াজ ছাড়াও আবরার আহমেদ, সুফিয়ান মুকিম এবং সাইম আইয়ুবের মতো স্পিনাররা যেকোনো দলের জন্যই কঠিন চ্যালেঞ্জ তৈরি করতে পারেন বলেও তিনি দাবি করেন।
শারজাহর পিচে স্পিনাররা সুবিধা পেলেও, দুবাইয়ের পিচে সেই সুবিধা নাও পাওয়া যেতে পারে বলে মনে করেন হেসন। তবে তিনি বিশ্বাস করেন যে রিস্ট স্পিনাররা যেকোনো পরিস্থিতিতেই ভালো পারফর্ম করতে পারেন, যেমনটা সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে কুলদীপ যাদব দেখিয়েছেন।
এশিয়া কাপের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীকে ৯ উইকেটে হারিয়ে ভারত ইতিমধ্যেই নিজেদের শক্তি প্রদর্শন করেছে। এবার দেখার পালা, পাকিস্তানের হুঁশিয়ারি মাঠে কতটা সত্যি হয়।