দুর্দান্ত পারফরম্যান্স, ৬ গোল, তবুও শেষ রক্ষা হলো না। এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ কোয়ালিফায়ার থেকে ছিটকে গেল ভারত। মঙ্গলবার ব্রুনেইকে ৬-০ গোলে উড়িয়ে দিলেও, গ্রুপ রানার্স আপ হিসেবে সেরা চার দলের মধ্যে জায়গা করে নিতে ব্যর্থ হলো ভারতের অনূর্ধ্ব-২৩ দল।
দোহার সুহেম বিন হামাদ স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে ভারতের জুনিয়ররা দারুণ লড়াই করেছে। ভিবিন মোহানন একাই করেন হ্যাটট্রিক (৫’, ৭’, ৬২’)। এছাড়া মহম্মদ আইমেন জোড়া গোল (৮৭’, ৯০+৭’) এবং আয়ুষ ছেত্রী একটি গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।
প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল ভারত। দ্বিতীয়ার্ধেও চলে তাদের দাপট। তবে আরও বেশি ব্যবধানে জিততে পারতো তারা, যদি সহজ সুযোগগুলো নষ্ট না করতো।
এই জয়ের পর ভারতের পয়েন্ট দাঁড়ায় তিন ম্যাচে ৬। তবে তাদের ভাগ্য নির্ভর করছিল কাতার ও বাহরিনের ম্যাচের ফলাফলের ওপর। শেষ পর্যন্ত কাতার ২-১ গোলে জিতে যাওয়ায় ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে পরের রাউন্ডে চলে যায়। ভারত গ্রুপ রানার্স আপদের মধ্যে পঞ্চম স্থানে থাকায় টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
যদিও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে, তবুও জুনিয়রদের এই লড়াই আশা জাগাচ্ছে। সম্প্রতি খালিদ জামিলের তত্ত্বাবধানে ভারতের সিনিয়র দলও দারুণ শুরু করেছে। দেশের ফুটবলপ্রেমীরা তাই জুনিয়রদের এই লড়াইকে সম্মান জানাচ্ছে।