ইডেন গার্ডেন্সে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত প্রথম টেস্টে এক বিরল রেকর্ড তৈরি হয়েছে। ভারতের মাটি তো বটেই, ভারতের খেলা কোনো টেস্ট ম্যাচে এমন ঘটনা ঘটল এই প্রথম। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এই নজির তৈরি হলো দীর্ঘ ৬৬ বছর পর।
ইডেন টেস্টে ভারত ৩০ রানে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পিচের চরিত্র। টেস্টের চারটি ইনিংসের মধ্যে কোনো দলই ২০০ রানের গণ্ডি টপকাতে পারেনি।
-
ভারতের স্কোর: প্রথম ইনিংসে ১৮৯ এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৩ রান।
-
দক্ষিণ আফ্রিকার স্কোর: প্রথম ইনিংসে ১৫৯ এবং দ্বিতীয় ইনিংসে ১৫৩ রান।
অর্থাৎ, এই টেস্টের কোনো ইনিংসেই কোনো দল ২০০ রান করতে পারেনি। ভারতীয় মাটিতে আয়োজিত টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই ঘটনা প্রথম। শুধু তাই নয়, ভারতের খেলা টেস্টগুলিতেও আগে কখনও এমন নজির দেখা যায়নি।
৬৬ বছর আগে শেষ নজির
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা মোট ১২ বার ঘটেছে, যেখানে ম্যাচের চারটি ইনিংসের কোনোটিতেই ২০০ রান হয়নি। এই বিরলতম নজির শেষবার তৈরি হয়েছিল ১৯৫৯ সালে, তৎকালীন ঢাকায় (বর্তমান বাংলাদেশ)। সেই পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্টের চারটি ইনিংসে কোনো দলই ২০০ রান করতে পারেনি। দীর্ঘ ৬৬ বছর পর ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে এই ঘটনার পুনরাবৃত্তি হলো।
১৮৮২ সালে ওভালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে প্রথমবার এই নজির তৈরি হয়েছিল। উল্লেখযোগ্যভাবে, এই ১২টি নজিরের প্রথম ১০টির ক্ষেত্রেই একটি দল ছিল ইংল্যান্ড। চার ইনিংসে ২০০ রান না হওয়ার ক্ষেত্রে ইংল্যান্ড এখনও শীর্ষে, তাদের খেলা ১০টি টেস্টে এমন ঘটনা ঘটেছে। দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে এটি তৃতীয়বার ঘটলেও, ভারতের ক্ষেত্রে এটিই প্রথম।