ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের মুখের গ্রাস কেড়ে নিলেন এক রাজস্থানি যুবক। নাম তাঁর মুকুল চৌধুরি। সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’-র মুকুলের পূর্বজন্মের ঠিকানা ছিল রাজস্থান, আর বাস্তবের এই মুকুলও উঠে এসেছেন মরুরাজ্যের ঝুনঝুনু থেকে। লখনউ সুপার জায়ান্টসের (LSG) জার্সিতে মাত্র ২৭ বলে অপরাজিত ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে কেকেআরের প্রথম জয়ের আশা চূর্ণ করে দিলেন তিনি।
কে এই নতুন তারকা?
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১৯৮.৮৫ স্ট্রাইক-রেটে ব্যাট করে নজরে এসেছিলেন মুকুল। ২০২৬ সালের নিলামে রাজস্থান রয়্যালসকে টেক্কা দিয়ে ২.৬০ কোটি টাকায় তাঁকে দলে নেয় সঞ্জীব গোয়েঙ্কার লখনউ। বৃহস্পতিবার ইডেনে সাতটি বিশাল ছক্কা হাঁকিয়ে তিনি প্রমাণ করলেন কেন জহুরির চোখ দিয়ে তাঁকে চিনেছিল এলএসজি।
সংগ্রামের নেপথ্যে বাবার স্বপ্ন
ম্যাচ শেষে মুকুল জানান, তাঁর ক্রিকেটার হওয়ার সফর শুরু হয়েছিল জন্মের আগেই। বাবা স্বপ্ন দেখতেন ছেলে বড় ক্রিকেটার হবে, কিন্তু চরম আর্থিক অনটন বাধা হয়ে দাঁড়িয়েছিল। ১২-১৩ বছর বয়সে দেরিতে ক্রিকেট শুরু করলেও জেদ হারাননি। সিকারের এসবিএস একাডেমি থেকে জয়পুর, তারপর গুরুগ্রামে অনূর্ধ্ব-২৩ স্তরে নিজেকে ঘষেমেজে তৈরি করেছেন এই ব্যাটার। মুকুল বলেন, “আমাদের গ্রামে যুবকরা মূলত সেনায় যোগ দেয়। তারা সীমান্তে দেশের সেবা করছে, আর আমি ক্রিকেটের মাধ্যমে দেশের সেবা করতে চাই।”





