২০২৫ সালের ইউএস ওপেন মহিলা সিঙ্গলসের ফাইনালে যুক্তরাষ্ট্রের আমান্দা আনিসিমোভাকে ৬-৩, ৭-৬ (৭-৩) গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। এই জয়ের মাধ্যমে তিনি বছরের শুরু থেকে দুটি গ্র্যান্ড স্লামের ফাইনালে হারের হতাশা কাটিয়ে উঠলেন।
সাবালেঙ্কার দুর্দান্ত জয়
এবছর অস্ট্রেলিয়ান ওপেন এবং ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেরে গিয়েছিলেন সাবালেঙ্কা। তবে ইউএস ওপেনে তিনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে দুর্দান্ত পারফর্ম করেন। জয়ের পর তিনি বলেন, “আগের দুটি ফাইনালে আমি আমার আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। এবার চাইনি তা ঘটুক। কিছু মুহূর্তে নিয়ন্ত্রণ হারানোর কাছাকাছি চলে গিয়েছিলাম, তবে শান্ত থাকতে পেরে ফিরে আসতে পেরেছি।”
এই নিয়ে সাবালেঙ্কা তার ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম খেতাব এবং টানা দ্বিতীয় ইউএস ওপেন জিতে নিলেন। অন্যদিকে, আনিসিমোভা উইম্বলডনের পর এটি তার দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফাইনালে হার। তিনি এখনও তার প্রথম গ্র্যান্ড স্লামের অপেক্ষায় আছেন।