ক্রিকেট মাঠে ভারতের সঙ্গে হ্যান্ডশেক বিতর্ক নিয়ে আলোচনার মধ্যেই আবারও আন্তর্জাতিক মহলে নিজেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করল পাকিস্তান। এবার তারা জাপানে একটি সম্পূর্ণ ‘ভুয়ো’ ফুটবল দল পাঠিয়ে দেশের সম্মান নষ্ট করেছে। জাপানের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সন্দেহজনক দলটিকে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি কড়া সতর্কবার্তা জারি করেছে।
সূত্রের খবর, এই ফুটবল দলের আড়ালে জাপানে মানব পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে সন্দেহ করছে সে দেশের সরকার। দলের সদস্যরা শিয়ালকোটের একটি ‘ভুয়ো’ ফুটবল ক্লাবের খেলোয়াড় হিসেবে জাল কাগজপত্র ব্যবহার করছিল। জাপানি কর্তৃপক্ষ এই প্রতারণার জন্য অভিযুক্ত পাকিস্তানি নাগরিকদের তিরস্কারও করেছে।
পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (FIA) জানিয়েছে, মোট ২২ জনের একটি দল ফুটবলার সেজে শিয়ালকোট বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু জাপানি কর্তৃপক্ষের কাছে তাদের নথি সন্দেহজনক মনে হওয়ায় তাদের তৎক্ষণাৎ দেশে ফেরত পাঠানো হয়।
এই ঘটনার মূল সন্দেহভাজন মালিক ওয়াকাসকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে FIA। তার বিরুদ্ধে গুজরানওয়ালা থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তে জানা গেছে, ওয়াকাস ‘গোল্ডেন ফুটবল ট্রায়াল’ নামে একটি ফুটবল ক্লাব রেজিস্টার করেছিলেন এবং দলের সদস্যদের খেলোয়াড়ের মতো অভিনয় করার প্রশিক্ষণও দিয়েছিলেন। জাপান পাঠানোর জন্য তিনি প্রতিটি সদস্যের কাছ থেকে ৪০ লক্ষ টাকা করে আদায় করেছেন। FIA আরও জানিয়েছে, এই চক্রে আরও কারা জড়িত, তা খুঁজে বের করার জন্য তদন্ত চলছে।
এশিয়া কাপে ভারতের কাছে পরাজয়ের পর মাঠের বাইরেও পাকিস্তান বারবার বিতর্কের জন্ম দিয়েছে। দুবাইয়ে ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে করমর্দন না হওয়ার বিষয়টি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) দাবি করেছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট উভয় দলের অধিনায়ককে হ্যান্ডশেক করতে নিষেধ করেছিলেন।
পিসিবি এক বিবৃতিতে পাইক্রফটের এই সিদ্ধান্তকে ‘খেলোয়াড়সুলভ মনোভাবের পরিপন্থী’ বলে সমালোচনা করেছে। পিসিবি’র টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা আইসিসি’র কাছে ম্যাচ রেফারির আচরণের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদও জানিয়েছেন। তবে আইসিসি এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীর উপত্যকায় জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান দলের এটি ছিল প্রথম ক্রিকেট ম্যাচ। রাজনৈতিক উত্তেজনার কারণেই দুই দেশের দল একে অপরের ভূখণ্ডে খেলে না। তাই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ।