ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর জনক ললিত মোদি বর্তমানে ভারতের ক্রিকেট সার্কিট থেকে দূরে থাকলেও, নিজের তৈরি প্রতিযোগিতার নাড়িনক্ষত্র তাঁর নখদর্পণে। সম্প্রতি আইপিএল-এর বর্তমান পরিকাঠামো নিয়ে এক চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। তাঁর মতে, সঠিক পরিকল্পনা ও সূচির অভাবে প্রতি মরশুমে বিসিসিআই এবং ফ্র্যাঞ্চাইজি দলগুলি বিপুল অঙ্কের আর্থিক লোকসানের সম্মুখীন হচ্ছে।
ললিত মোদির যুক্তি, লিগে দলের সংখ্যা বেড়ে ১০টি হলেও ম্যাচের সংখ্যা সেই অনুপাতে বাড়ানো হয়নি। বর্তমানে মরশুমে ৭৪টি ম্যাচ হয়, কিন্তু যদি প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে ‘হোম ও অ্যাওয়ে’ ভিত্তিতে খেলত, তবে ম্যাচের সংখ্যা দাঁড়াত ৯৪-এ। এই অতিরিক্ত ২০টি ম্যাচ না হওয়ায় সম্প্রচার স্বত্ব থেকে অন্তত ২,৪০০ কোটি টাকা আয় কম হচ্ছে। তাঁর হিসেব অনুযায়ী, ম্যাচ কম হওয়ার কারণে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দল প্রায় ১২০ কোটি টাকা করে প্রাপ্য লভ্যাংশ থেকে বঞ্চিত হচ্ছে।
সরাসরি বোর্ডকে নিশানা করে মোদি বলেন, যদি হাতে পর্যাপ্ত সময় না থাকে, তবে অযথা দলের সংখ্যা বাড়ানো উচিত হয়নি। পাশাপাশি ওয়ানডে ক্রিকেটের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি জানান, এখন কেবল টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটেই দর্শকদের আসল আকর্ষণ। বর্তমান সম্প্রচার স্বত্বের অর্ধেক বোর্ড পায় এবং বাকি অর্ধেক দলগুলির মধ্যে ভাগ হয়, ফলে ম্যাচ কমলে সামগ্রিক ক্রিকেট অর্থনীতিরই ক্ষতি হচ্ছে বলে মনে করেন আইপিএল-এর এই প্রাক্তন কারিগর।





