আইপিএল-এ বড়সড় কেলেঙ্কারি! ক্রিকেটারদের ঘরে মাঝরাতে কারা? বিসিসিআই-এর চরম হুঁশিয়ারি

আইপিএল-এর গ্ল্যামার আর উত্তেজনার আড়ালে কি দানা বাঁধছে কোনো বড় বিপদ? বর্তমান মরসুমে একাধিক শৃঙ্খলাভঙ্গ এবং প্রোটোকল লঙ্ঘনের ঘটনায় নড়েচড়ে বসল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। বৃহস্পতিবার দশটি ফ্র্যাঞ্চাইজিকে একটি কড়া চিঠি লিখে অবিলম্বে নতুন নির্দেশিকা জারির কথা জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। যেখানে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি মালিকদের আচরণ—সবকিছুর ওপরই বসানো হয়েছে কড়া নজরদারি।

হানি ট্র্যাপ ও নিরাপত্তার ঝুঁকি:
বিসিসিআই-এর চিঠিতে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে উঠে এসেছে ‘হানি ট্র্যাপ’ এবং অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ। অভিযোগ উঠেছে, কিছু ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ টিম ম্যানেজারের অনুমতি ছাড়াই গভীর রাতে বা অসময়ে বাইরের লোকেদের নিজেদের হোটেল রুমে প্রবেশের অনুমতি দিচ্ছেন। বোর্ড স্পষ্ট জানিয়েছে, এতে ক্রিকেটারদের ব্ল্যাকমেইল বা হানি ট্র্যাপের শিকার হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। এখন থেকে কোনো ক্রিকেটারই ম্যানেজারের লিখিত অনুমতি ছাড়া কোনো অতিথিকে রুমে নিতে পারবেন না। এমনকি লবি বা পাবলিক এরিয়া ছাড়া অন্য কোথাও অতিথিদের সঙ্গে দেখা করাও নিষিদ্ধ করা হয়েছে।

নিষিদ্ধ ভ্যাপিং ও ড্রেসিংরুম বিতর্ক:
সম্প্রতি রিয়ান পরাগ এবং যুজবেন্দ্র চাহালকে কেন্দ্র করে ভ্যাপিং বা ই-সিগারেট ব্যবহারের বিতর্ক তুঙ্গে উঠেছে। ড্রেসিংরুম বা ডাগআউটে ই-সিগারেট খাওয়া ভারতীয় আইনে একটি ‘কগনিজেবল অফেন্স’ বা ধর্তব্য অপরাধ। বিসিসিআই পরিষ্কার জানিয়ে দিয়েছে, টিম হোটেল, ড্রেসিংরুম বা প্র্যাকটিস গ্রাউন্ডে কোনো প্রকার নিষিদ্ধ মাদক বা ই-সিগারেট পাওয়া গেলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মালিকদের ওপর কোপ:
খেলোয়াড়রাই শুধু নন, বিসিসিআই-এর নিশানায় রয়েছেন দলের মালিকরাও। লাইভ ম্যাচ চলাকালীন প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস অ্যাক্সেস (PMOA) এলাকা বা ডাগআউটে মালিকদের অযাচিত প্রবেশ, ক্রিকেটারদের আলিঙ্গন করা বা শারীরিক যোগাযোগ স্থাপনের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে বোর্ড। এখন থেকে নির্দিষ্ট চ্যানেল ছাড়া মালিকরা ক্রিকেটারদের কাছে যেতে পারবেন না।

কঠোর নজরদারি ও শাস্তি:
এই নির্দেশিকা জারির ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ক্রিকেটারদের নিয়ে ব্রিফিং করতে হবে এবং প্রত্যেকের স্বাক্ষর সম্বলিত লিখিত সম্মতিপত্র বিসিসিআই-এর কাছে জমা দিতে হবে। সিকিউরিটি লিয়াজোঁ অফিসার (SLO) এখন থেকে প্রতিটি ক্রিকেটারের হোটেলের বাইরে যাওয়া-আসার লগ বুক মেইনটেইন করবেন। বোর্ডের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, এই নিয়মের চুল পরিমাণ বিচ্যুতি ঘটলে ফ্র্যাঞ্চাইজি এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও আর্থিক জরিমানা করা হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy