আসন্ন মিনি অকশনের আগে যখন সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার রিটেনশন তালিকা প্রকাশ এবং ট্রেড উইন্ডোয় দল গোছাতে ব্যস্ত, ঠিক সেই সময় বড় ঘোষণা করল সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। 2016 আইপিএল জয়ী এই ফ্র্যাঞ্চাইজি আসন্ন মরশুমের জন্য টানা তৃতীয়বারের মতো দলের অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার তারকা ফাস্ট বোলার প্যাট কামিন্সের নাম ঘোষণা করেছে।
গত মরশুমে আশানুরূপ পারফরম্যান্স না করলেও, 2024 আইপিএলে কামিন্সের নেতৃত্বেই ফাইনালে পৌঁছেছিল সানরাইজার্স। যদিও ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারতে হয়, কিন্তু কামিন্সের আগ্রাসী নেতৃত্বের প্রশংসা হয়েছিল সর্বত্র। দল পারফরম্যান্সে ব্যর্থ হলেও, অরেঞ্জ আর্মি কামিন্সের উপরই আস্থা রাখল। সোমবার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই ঘোষণা করা হয়।
অ্যাশেজ থেকে ছিটকে গেলেন কামিন্স
এদিকে, সানরাইজার্সের এই ঘোষণার মাঝেই কামিন্সকে নিয়ে এল এক দুঃসংবাদ। 32 বছর বয়সি এই অজি অধিনায়ক কাঁধের চোটের কারণে আসন্ন অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। আগামী 21 নভেম্বর থেকে পার্থে শুরু হতে চলা অ্যাশেজের প্রথম টেস্টে তাঁর পরিবর্তে ক্যাঙ্গারুর দেশকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।
যদিও কামিন্স দ্বিতীয় টেস্ট থেকে দলে ফেরার লক্ষ্যে ব্রিসবেনে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছেন। WTC (টেস্ট চ্যাম্পিয়নশিপ) এবং বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক আগামী 4 ডিসেম্বর থেকে গাব্বায় শুরু হওয়া অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন।
শামিকে ছেড়ে দিল সানরাইজার্স, পার্সের টাকা কমল
মিনি নিলামের আগে 15 জন ক্রিকেটারকে ধরে রেখে সানরাইজার্স মূলত পাওয়ার হিটার এবং অলরাউন্ডারদের নিয়ে গড়া দলের মূল কাঠামো ধরে রাখার চেষ্টা করেছে। কামিন্স ছাড়াও ট্রাভিস হেড, হেনরিক ক্লাসেন, কামিন্দু মেন্ডিস, ব্রাইডন কার্স, ইশান মালিঙ্গার মতো বিদেশিদের রিটেন করেছে তারা। তবে উইয়ান মুল্ডার এবং অ্যাডাম জাম্পাকে ছেড়ে দেওয়া হয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, রিটেনশন ডেডলাইনের আগে ট্রেড উইন্ডোয় নিজেদের তারকা পেসার মহম্মদ শামি-কেও ছেড়ে দিয়েছে সানরাইজার্স। বঙ্গপে সার শামি হায়দরাবাদ থেকে লখনউ সুপার জায়ান্টসে (LSG) যোগ দিয়েছেন। গত মেগা নিলামে 10 কোটি টাকায় শামিকে দলে নিয়েছিল SRH। একই অঙ্কের অর্থে ট্রেড উইন্ডোয় তারা শামিকে লখনউয়ের হাতে তুলে দিল।
আগামী 16 ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে চলা নিলামে সানরাইজার্স দশটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে পার্সে তৃতীয় সর্বাধিক অর্থ (25.5 কোটি টাকা) নিয়ে অংশ নেবে।