২ দিনে ২৭ উইকেট পতন! ইডেনের পিচে ‘ম্যাজিক বল’ নয়, সফল হতে গেলে কী মন্ত্র দিলেন অক্ষর পটেল?

কলকাতা ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টে পিচের চরিত্র নিয়ে আলোচনা তুঙ্গে। প্রথম দুই দিনে স্পিন সহায়ক পিচে ২৭টি উইকেট পড়েছে। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন-আপে ধস নামান রবীন্দ্র জাডেজা, একাই তুলে নেন চারটি উইকেট। এমন পিচে ভারতের বোলিং পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে অভিজ্ঞ স্পিনার অক্ষর পটেল জানালেন, ম্যাজিক বলের চেষ্টা করার বদলে ধৈর্য্য ধরাই সাফল্যের মূল চাবিকাঠি।

দ্বিতীয় দিনের খেলা শেষে অক্ষর পটেল বলেন, “মাঠের একদিক থেকে বল সোজা যাচ্ছে বলেই মনে হচ্ছে, তবে অপরদিক থেকেই সবটা হচ্ছে। ব্যাটার হিসাবে এখানে আগ্রাসী ক্রিকেটটাই খেলা প্রয়োজন। খারাপ বলগুলিতে প্রহার করতে হবে এবং মানসিকতাটা সবসময় আক্রমণাত্মক রাখতে হবে। রক্ষণাত্মক মানসিকতা নিয়ে তো খেলা যাবে না, কারণ এই পিচে কেউই কখনও সেট নয়।”

তিনি বোলিং কৌশল নিয়ে কথা বলতে গিয়ে আরও যোগ করেন, “পিচে বোলারদের জন্য সহায়তা রয়েছে এটা জেনে কিন্তু আবেগে ভেসে গেলে চলবে না। বলে বলে ম্যাজিক বল করব এমনটা ভাবলে হবে না। ধৈর্য্য ধরাটা খুবই গুরুত্বপূর্ণ।”

ম্যাচ কি আজই শেষ?

দুই দিনে খেলা হয়েছে মাত্র ১৫২.২ ওভার, আর তাতেই ২৭টি উইকেট পতন! খেলার ফলাফল যে হবে, সে নিয়ে কোনো সংশয় নেই। বরং যেটা নিয়ে সকলে নিঃসংশয়, সেটা হলো অলৌকিক কিছু না ঘটলে ম্যাচের ফয়সালা হয়ে যাবে আজ রবিবারই। যারা সোমবার ও মঙ্গলবার ইডেনে খেলা দেখতে আসার টিকিট কেটেছেন, তাদের আড়াই দিনে ম্যাচ শেষ হয়ে গেলে কপাল চাপড়াতে হতে পারে।

ইডেনে ব্যাটারদের বধ্যভূমিতে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার (IND vs SA) স্কোর ৯৩/৭। তারা ভারতের চেয়ে ৬৩ রানের লিড নিয়েছে। বাইশ গজে বল বনবন করে ঘুরছে, লাফাচ্ছে এবং নীচু হচ্ছে। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ফাস্টবোলার যশপ্রীত বুমরা ধ্বংসলীলা চালালেও, দ্বিতীয় ইনিংসে ভারতের স্পিনাররা ভয়ঙ্কর হয়ে উঠেছেন। স্পিনারদের স্বর্গে বুমরা ৬ ওভার বল করলেও দ্বিতীয় পেসার মহম্মদ সিরাজ বলই পেলেন না।

সাত উইকেটের মধ্যে চারটি পেলেন রবীন্দ্র জাডেজা। বাঁহাতি স্পিনারের কেরিয়ারে শনিবার দিনটি তাৎপর্যপূর্ণ হয়ে রইল। ১২ বছর চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলা তারকা অলরাউন্ডারকে ছেড়ে দিয়েছে সিএসকে এবং তাঁকে ট্রেডিং উইন্ডো মারফত কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। এদিন তিনি বিরল এক কীর্তিও গড়লেন—দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্টে ৩০০ উইকেট ও ৪০০০ রান করার কৃতিত্ব অর্জন করলেন। সব মিলিয়ে বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসাবে এই নজির গড়লেন ‘স্যর জাডেজা’। তবে ভারতীয় শিবিরের কাঁটা হয়ে পাল্টা লড়াই চালাচ্ছেন তেম্বা বাভুমা, ৭৮ বল খেলে ২৯ রানে ক্রিজে টিকে আছেন তিনি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy