ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৬-এর শুরুটা দুঃস্বপ্নের মতো হয়েছে চেন্নাই সুপার কিংসের (CSK) জন্য। টানা তিন ম্যাচে হার এবং পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান—সব মিলিয়ে বেশ চাপে পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে অন্ধকারের মাঝেও সমর্থকদের জন্য সুখবর শোনালেন কোচ স্টিফেন ফ্লেমিং। সব ঠিক থাকলে আগামী ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে মাঠে ফিরতে পারেন মহেন্দ্র সিং ধোনি।
পায়ের পেশির চোটের কারণে প্রথম তিনটি ম্যাচে মাঠের বাইরে ছিলেন মাহি। বর্তমানে তিনি রিহ্যাব প্রক্রিয়ার শেষ পর্যায়ে রয়েছেন। ধোনির অনুপস্থিতিতে সঞ্জু স্যামসন উইকেটের পিছনে দস্তানা হাতে সামলালেও ব্যাট হাতে বড় রান করতে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে, মিডিল অর্ডারকে ভরসা দিতে দ্রুত দলে ফিরছেন বিধ্বংসী ব্যাটার ডিওয়াল্ড ব্রেভিস। ফ্লেমিং জানিয়েছেন, ব্রেভিসের অন্তর্ভুক্তি ব্যাটিং লাইন-আপের শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে।
সিএসকে শিবির এখন তাকিয়ে ১৪ এপ্রিলের দিকে। ধোনির অভিজ্ঞ নেতৃত্ব আর ব্রেভিসের আক্রমণাত্মক ব্যাটিং কি পারবে হলুদ ব্রিগেডকে জয়ের সরণিতে ফেরাতে? এখন সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।





