টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ চরম বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। জিম্বাবোয়ের কাছে হারের পর এবার শ্রীলঙ্কার কাছেও পরাস্ত হয়ে গ্রুপ ‘বি’-তে তৃতীয় স্থানে নেমে গিয়েছে অজিরা। তিন ম্যাচে এটি তাদের দ্বিতীয় হার। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার সুপার-৮-এ যাওয়ার ভাগ্য এখন ঝুলে রয়েছে মঙ্গলবার পাল্লেকেলেতে হতে চলা জিম্বাবোয়ে বনাম আয়ারল্যান্ড ম্যাচের ওপর।
সমীকরণ বলছে, মঙ্গলবার যদি জিম্বাবোয়ে আয়ারল্যান্ডকে হারিয়ে দেয়, তবে অস্ট্রেলিয়া সরাসরি বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। আর তা হলে ভারতের জন্য টুর্নামেন্টের সবচেয়ে বড় ‘কাঁটা’টি শুরুতেই সরে যাবে। অন্যদিকে, ভারত টানা তিন ম্যাচ জিতে ইতিমধ্যেই সুপার-৮ নিশ্চিত করে ফেলেছে। জিম্বাবোয়ে কোয়ালিফাই করলে আগামী ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ে ভারতের মুখোমুখি হবে তারা, যা ভারতের জন্য অস্ট্রেলিয়ার তুলনায় অনেক সহজ চ্যালেঞ্জ হতে পারে।
তবে আয়ারল্যান্ড যদি জিম্বাবোয়েকে হারিয়ে দেয়, তবেই অস্ট্রেলিয়ার সামনে সুযোগ থাকবে। সেক্ষেত্রে শেষ ম্যাচে ওমানকে বিশাল ব্যবধানে হারিয়ে রান-রেটে এগিয়ে থাকতে হবে স্মিথ-কামিন্সদের। আইসিসি ইভেন্টে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ সবসময়ই স্নায়ুর লড়াই। রেকর্ড বলছে, দুই দেশ এ পর্যন্ত ২৪ বার আইসিসি টুর্নামেন্টে মুখোমুখি হয়েছে, যার মধ্যে ১৩ বার জিতেছে অস্ট্রেলিয়া। বিশেষ করে নকআউট বা সুপার-৮-এর ম্যাচে অজিরা ভারতের জন্য বরাবরের আতঙ্ক। তাই ভারতীয় ক্রিকেট প্রেমীদের প্রার্থনা— জিম্বাবোয়ে জিতে অজিদের বিদায় নিশ্চিত করুক।