স্মার্টফোন আর সক্রিয় সিম কার্ড ছাড়া বর্তমান জীবন ভাবাই অসম্ভব। ব্যাঙ্কের ওটিপি থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ—সবই নির্ভর করে ছোট্ট ওই চিপটির ওপর। কিন্তু আপনি কি জানেন, বছরের পর বছর ফোনে পড়ে থাকা আপনার সিম কার্ডটিরও একটি নির্দিষ্ট আয়ু আছে? হঠাৎ একদিন সকালে উঠে যদি দেখেন ফোনে ‘ইনভ্যালিড সিম’ দেখাচ্ছে, তবে বুঝবেন আপনার সিমটির মেয়াদ ফুরিয়েছে।
সিম কার্ড মূলত প্লাস্টিক এবং সিলিকন চিপ দিয়ে তৈরি। যদিও টেলিকম কোম্পানিগুলো সরাসরি কোনো ‘এক্সপায়ারি ডেট’ ঘোষণা করে না, তবে ব্যবহারের ওপর ভিত্তি করে এটি নষ্ট হতে পারে। এর প্রধান তিনটি কারণ হলো—আর্দ্রতা বা জলীয় বাষ্পের কারণে চিপের সোনালী অংশে মরচে ধরা, বারবার ফোন বদলানোর ফলে ঘর্ষণে চিপ ক্ষতিগ্রস্ত হওয়া এবং অতিরিক্ত গেমিং বা চার্জিংয়ের ফলে উৎপন্ন তাপে প্লাস্টিকের কাঠামো ও চিপে চাপ পড়া।
বিশেষজ্ঞদের মতে, একটি সিম কার্ড টানা ৮ থেকে ১০ বছরের বেশি ব্যবহার করা উচিত নয়। যদি দেখেন ঘন ঘন নেটওয়ার্ক চলে যাচ্ছে, কল ড্রপ হচ্ছে বা ইন্টারনেটের গতি কমে গিয়েছে, তবে বুঝবেন সিম বদলানোর সময় এসেছে। বড় কোনো সমস্যা বা ব্যাঙ্কিং পরিষেবা বিচ্ছিন্ন হওয়ার আগেই আপনার পুরনো নম্বর ঠিক রেখে টেলিকম অফিস থেকে একটি নতুন সিম কার্ড সংগ্রহ করে নিন।





