মাঝদুপুরে ব্রিগেডে তুলকালাম! গাড়ি চালানো শিখতে গিয়ে নিকাশি নালায় মুখ থুবড়ে পড়ল ক্যাব

কলকাতা শহরে ফের বেপরোয়া গাড়ি দুর্ঘটনার কবলে। এবার অকুস্থল খোদ ব্রিগেডের ময়দান। শুক্রবার দুপুরে গাড়ি চালানো শিখতে গিয়ে বড়সড় দুর্ঘটনার মুখে পড়লেন এক চালক ও তাঁর সহকারী। একটি কমার্শিয়াল ক্যাব নিয়ে প্রশিক্ষণ চলার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন প্রশিক্ষণরত চালক। এর পরেই গাড়িটি সরাসরি ময়দানের একটি গভীর নিকাশি নালায় মুখ থুবড়ে পড়ে।

বেলা সাড়ে বারোটা নাগাদ ঘটা এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে ময়দান চত্বরে। যদিও বরাতজোরে প্রাণ বেঁচেছে গাড়িতে থাকা চালক ও সহকারীর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ময়দান থানার পুলিশ। শেষ পর্যন্ত একটি আর্থ মুভার (জেসিবি) আনিয়ে নালা থেকে গাড়িটিকে উদ্ধার করা হয়। এই ঘটনার পিছনে চালকের অসতর্কতা নাকি যান্ত্রিক গোলযোগ ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।